সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় জুস কারখানায় অভিযান: সুপারভাইজারকে ১ বছরের কারাদণ্ড

বগুড়া সংবাদ : বগুড়ায় অননুমোদিত রাসায়নিক ব্যবহার ও অস্বাস্থ্যকর পরিবেশে জুস তৈরির অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়ে সুপারভাইজারকে ১ বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৬ মে) বেলা ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বগুড়া সদর উপজেলার চাঁদুপুর এলাকায় অবস্থিত ‘ড্রাগন ফুড এন্ড বেভারেজ বাংলাদেশ’ নামের একটি জুস কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়। যৌথভাবে অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন ও জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমাদ। এ সময় উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য অফিসার মোঃ রাসেল, নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ সিদ্দিকুর রহমান এবং জেলা পুলিশের সদস্যরা।
অভিযান সূত্রে জানা যায়, কারখানাটিতে কোনো বৈধ মানসনদ ছাড়াই জুস উৎপাদন করা হচ্ছিল। এছাড়া অননুমোদিত রাসায়নিক ব্যবহার, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, মোড়কে অবৈধভাবে সিল ও লোগো ব্যবহার এবং অনিবন্ধিত অবস্থায় খাদ্য তৈরি করার প্রমাণ পাওয়া যায়।
এসব অপরাধে নিরাপদ খাদ্য আইন অনুযায়ী কারখানার সুপারভাইজার মোঃ আরিফুর রহমান (৩১)-কে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এ সময় কারখানা থেকে উদ্ধার করা প্রায় ৩৭০ কেস ভেজাল ও অস্বাস্থ্যকর জুস জনসম্মুখে ধ্বংস করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমাদ জানান, অভিযানের সময় সুপারভাইজার তার অপরাধ স্বীকার করেন। এর ভিত্তিতে তাৎক্ষণিকভাবে তাকে কারাদণ্ড প্রদান করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি প্রতিষ্ঠানটিকে ভবিষ্যতে সকল আইন ও বিধি মেনে নিরাপদ খাদ্য উৎপাদনের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

Check Also

বগুড়ায় বিশ্ব মেট্রোলজি দিবস উদযাপন

বগুড়া সংবাদ : নীতিনির্ধারণ প্রক্রিয়ায় আস্থা নির্মাণে মেট্রোলজি” প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ায় বিশ্ব মেট্রোলজি দিবস …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *