

বগুড়া সংবাদ : বগুড়ার দুপচাঁচিয়ায় জুলাই যোদ্ধা শহীদ আবু রায়হান রাহিমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
‘স্মৃতিত অমলিন ৩৬ জুলাই কর্মসূচি বাস্তবায়ন কমিটি’ বগুড়ার আয়োজনে রোববার (৯ আগস্ট) সন্ধ্যায় দুপচাঁচিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরুখ খান। ‘স্মৃতিত অমলিন ৩৬ জুলাই কর্মসূচি বাস্তবায়ন কমিটি’র আহ্বায়ক সাকিব খানের সভাপতিত্বে এবং ‘ভয়েস অব জুলাই’র মুখপাত্র কাউছার আহমদের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার। তিনি বলেন, “বৈষম্যবিরোধী আন্দোলনের যে উদ্দেশ্য ছিল—বৈষম্যহীন একটি সুন্দর বাংলাদেশ গড়া—আমরা তা বাস্তবায়ন করতে চাই। যে রক্তের বিনিময়ে আমরা আজ স্বৈরাচারমুক্ত হয়েছি, বাক্স্বাধীনতা পেয়েছি, সেই রক্ত আমরা সবসময় স্মরণ রাখতে চাই।”
তিনি আরও বলেন, দুপচাঁচিয়ায় শহীদ দুই ব্যক্তির নামে দুটি প্রতিষ্ঠানের নামকরণ করার উদ্যোগ নেওয়া হবে।
অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক কৃষিবিদ ড. আব্দুল মজিদ প্রামাণিক। তিনি জুলাই আন্দোলনের বিভিন্ন স্মৃতিচারণ করেন এবং আহত ও শহীদ পরিবারের সদস্যদের সরকারি চাকরির দাবির কথা তুলে ধরেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরুখ খান বলেন, অন্যান্য উপজেলার তুলনায় দুপচাঁচিয়ার মানুষ একটু বেশি সংগ্রামী।
আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজমিলুর রহমান।
অনুষ্ঠানে শহীদ আবু রায়হান রাহিমের মা রওশন আরা বেগম এবং শহীদ মনিরুল ইসলাম মনিরের বাবা শামছুল হক তাঁদের সন্তানদের স্মৃতিচারণ করতে গিয়ে পরিবারের দুঃখ-বেদনার কথা তুলে ধরেন।
স্বাগত বক্তব্য দেন ‘স্মৃতিত অমলিন ৩৬ জুলাই কর্মসূচি বাস্তবায়ন কমিটি’ বগুড়া জেলার সদস্য সচিব আজিম উদ্দিন।
এ সময় আরও বক্তব্য দেন দুপচাঁচিয়া পৌরসভার সাবেক মেয়র জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোজাম্মেল হক তালুকদার, চেয়ারম্যান মায়াজ্জম হাসন, চেয়ারম্যান শাহজাহান আলী, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সাইফুর রহমান, শহীদ সোসাইটি পরিবারের চেয়ারম্যান উজ্জ্বল হাসন, যুবদল নেতা আশরাফুল আলম, নাঈম কবিরাজ, ‘আমরা জুলাই যোদ্ধা’ দুপচাঁচিয়া উপজেলা শাখার আহ্বায়ক কাজী ইলিয়াস কল্লোল এবং পৌর ছাত্রদলের সভাপতি নাঈম সরদারসহ অনেকে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে অতিথিরা শহীদ পরিবারের সদস্যদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
পরে জুলাই আন্দোলনে শহীদ আবু রায়হান রাহিমসহ সকল শহীদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন দুপচাঁচিয়া মডেল মসজিদের খতিব মাওলানা জুবায়ের আহমদ।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা