সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন

বগুড়া সংবাদ : বগুড়ায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। দেশের তৃণমূল পর্যায় থেকে জাতীয় মানের দক্ষ ক্রীড়াবিদ গড়ে তোলার লক্ষ্যে এই কর্মসূচির সূচনা করা হয়। শনিবার (২ মে) বিকাল সাড়ে ৪টায় সিলেট জেলা স্টেডিয়াম থেকে ভার্চুয়ালি একযোগে সারা দেশে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনের পর বগুড়া শহরের শহীদ চান্দু স্টেডিয়ামে বেলুন উড়িয়ে কর্মসূচির শুভ সূচনা করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।
এসময় উপস্থিত ছিলেন বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন, জেলা পরিষদ প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকির, জেলা পুলিশ সুপার মির্জা সামেয় মাহমুদ, স্থানীয় সরকারের উপপরিচালক রাজিয়া সুলতানা, সিভিল সার্জন ডা. মোঃ খুরশীদ আলম, বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা এবং জেলা বিএনপির সহ-সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেলসহ অনেকে।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, সারাদেশে শিশু-কিশোরদের মধ্য থেকে ক্রীড়া প্রতিভা খুঁজে বের করতে এই প্রতিযোগিতা শুরু হয়েছে। এর মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় তৈরি করা সম্ভব হবে।
তিনি আরও বলেন, শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণে ১৯৭৬ সালে ‘নতুন কুঁড়ি’ যাত্রা শুরু করেছিল, যা বাংলাদেশ টেলিভিশনের আশির দশকের একটি জনপ্রিয় অনুষ্ঠান ছিল। দীর্ঘদিন পর সেই পরিচিত নাম আবার ফিরে এসেছে—তবে এবার সাংস্কৃতিক অঙ্গন নয়, ক্রীড়াঙ্গনে।
প্রতিমন্ত্রী জানান, ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ, বাছাই এবং তাদের রাষ্ট্রীয়ভাবে বিকাশের সুযোগ তৈরি করাই এ কর্মসূচির মূল লক্ষ্য। ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ ভবিষ্যৎ প্রজন্মের দক্ষ খেলোয়াড় গড়ে তুলতে একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।
 বগুড়াসহ দেশের ৬৪টি জেলায় একযোগে এই প্রতিভা অন্বেষণ কার্যক্রম শুরু হয়েছে। এর আওতায় ক্রিকেট, ফুটবল, কাবাডি, অ্যাথলেটিক্স, দাবা, ব্যাডমিন্টন, সাঁতার ও মার্শাল আর্টসহ মোট ৮টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। একজন প্রতিযোগী সর্বোচ্চ দুটি ইভেন্টে অংশ নিতে পারবে।

Check Also

সরকার প্রদত্ত¡ ভিজিএফের চাল বিতরণে কোন প্রকার অনিয়ম করা যাবে না কাহালুর বীরকেদার ইউনিয়নে –ইউএনও মলিহা খানম

বগুড়া সংবাদ : বগুড়ার কাহালু উপজেলা নির্বাহি অফিসার মোছা. মলিহা খানম বলেন, সরকার প্রদত্ত¡ ভিজিএফের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *