

বগুড়া সংবাদ : বগুড়ার দুপচাঁচিয়ায় জোরপূর্বক সম্পত্তি লিখে নেওয়ার দাবিতে এক কলেজছাত্রী নিজের বাবাকে ধারালো বটি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছে বলে অভিযোগ উঠেছে। আহত বলাল হাসেন (৬৬) উপজেলার তালোড়া ইউনিয়নের খানপুর সরদারপাড়া গ্রামের মৃত হাতেম আলী সরদারের ছেলে। গত সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহতের বড় ভাই আমজাদ হাসেন সরদার মঙ্গলবার রাতে দুপচাঁচিয়া থানায় মামলা দায়ের করেছেন। ঘটনার পর অভিযুক্ত মেয়ে মিম আক্তার পলাতক রয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটনার রাতে খাবার শেষে বলাল হাসেনসহ পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন। এ সময় তার ছোট মেয়ে মিম আক্তার (২০), যিনি বগুড়া সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের অনার্সের ছাত্রী, ধারালো বটি নিয়ে ঘুমন্ত বাবার ওপর হামলা চালায়। এলোপাতাড়ি কোপে বলাল হাসেন গুরুতর আহত হন। তার চিৎকারে পরিবারের অন্য সদস্যরা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। হামলায় তার দুই হাতের ছয়টি আঙুল গুরুতর জখম হয় এবং গলায় গভীর ক্ষতের সৃষ্টি হয়।
পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়।
আহত বলাল হাসেন জড়িত কণ্ঠে জানান, তার ছয়টি কন্যাসন্তান ছিল। এর মধ্যে তিনজন মারা গেছেন এবং দুই মেয়ের বিয়ে হয়েছে। ছোট মেয়ে মিম আক্তার দীর্ঘদিন ধরে সম্পত্তি নিজের নামে লিখে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করছিল। এতে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে সে এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন তিনি।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ তাজমিলুর রহমান জানান, মেয়ের হাতে বাবাকে কুপিয়ে আহত করার ঘটনায় মামলা গ্রহণ করা হয়েছে। একমাত্র আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা