বগুড়া সংবাদ : বগুড়া শহর যুবদলের উদ্যোগে ভোটারদের মাঝে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ছবি সংবলিত ও ধানের শীষ প্রতীক সীলমোহর করা ব্যাগ বিতরণ করা হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় কার্যক্রম জোরদার ও ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া শহর যুবদলের সভাপতি আহসান হাবিব মমি। সঞ্চালনায় ছিলেন আদিল শাহরিয়ার গোর্কি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া শহর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু।
এছাড়াও উপস্থিত ছিলেন শহর যুবদলের সিনিয়র সহ-সভাপতি তারিক মজিদ সোহাগ, সাংগঠনিক সম্পাদক সৌরভ হোসেন শিপলু, সহ-প্রচার সম্পাদক শাহেদ আলীসহ শহরের ২১টি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। নেতাকর্মীদের সরব উপস্থিতিতে পুরো অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
প্রধান অতিথির বক্তব্যে রেজাউল করিম বাদশা বলেন, বিএনপি জনগণের অধিকার ফিরিয়ে দিতে নির্বাচনের মাঠে রয়েছে। ধানের শীষ প্রতীক দেশের মানুষের আশা ও বিশ্বাসের প্রতীক। তিনি বলেন, ভোটারদের কাছে আমাদের বার্তা স্পষ্ট, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। তরুণদের ভূমিকা এই লড়াইয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, শহর যুবদল যেভাবে সংগঠিতভাবে মাঠে কাজ করছে, তা প্রশংসার দাবি রাখে। এই ধারাবাহিকতা বজায় থাকলে বগুড়া থেকেই বিজয়ের শক্ত ভিত গড়ে উঠবে।
বিশেষ অতিথির বক্তব্যে হামিদুল হক চৌধুরী হিরু বলেন, শহর যুবদল সব সময় আন্দোলন-সংগ্রামে সাহসী ভূমিকা রেখেছে। ভোটারদের মাঝে প্রতীক ও বার্তা পৌঁছে দেওয়া শুধু একটি কর্মসূচি নয়, এটি জনগণের সঙ্গে আমাদের সম্পর্ক আরও দৃঢ় করার একটি উদ্যোগ।
তিনি বলেন, বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য রাজনীতি করে। আগামী দিনে প্রতিটি ওয়ার্ডে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
শহর যুবদলের সভাপতি আহসান হাবিব মমি বলেন, তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। শহর যুবদল সেই লক্ষ্য নিয়েই মাঠে কাজ করছে।
তিনি বলেন, ভোটারদের ভালোবাসা ও সমর্থন নিয়েই ধানের শীষ প্রতীক বিজয়ের দিকে এগিয়ে যাবে। যুবসমাজই পরিবর্তনের প্রধান শক্তি, আর সেই শক্তিকে সংগঠিত করতেই এই ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে বক্তারা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর জোর দেন এবং বলেন, আগামী দিনে শহর যুবদল আরও বড় পরিসরে গণসংযোগ ও প্রচার কার্যক্রম পরিচালনা করবে।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
