

বগুড়া সংবাদ : নাটক ও সিনেমার পরিচিত মুখ অভিনেতা সোহেল খান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে বগুড়ায় নসিব সিনেমার শুটিংয়ে যাওয়ার প্রস্তুতিকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুপুর ১টার দিকে বগুড়ার ঠেঙ্গামারার টিএমএসএস আলিম মাদ্রাসায় গোসল শেষে তার মরদেহ লাশবাহী ফ্রিজিং গাড়িতে করে গ্রামের বাড়ি ঢাকার ধামরাইয়ের রাজাপুরে নেওয়া হচ্ছে।
সোহেল খানের আকস্মিক মৃত্যুতে নাটক ও চলচ্চিত্রাঙ্গনের শিল্পী, কলাকুশলী এবং শুভাকাঙ্ক্ষীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
শুটিং ইউনিট ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৮ নভেম্বর থেকে নসিব সিনেমার শুটিংয়ে বগুড়ায় অবস্থান করছিলেন সোহেল খান। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে শহরের হোটেল মম ইন-এ ইউনিটের অন্যদের সঙ্গে নাশতা করেন তিনি। এরপর নিজ কক্ষে ফিরে শুটিংয়ের জন্য প্রস্তুত হচ্ছিলেন। এর কয়েক মিনিটের মধ্যেই তিনি হঠাৎ অসুস্থ ও অস্বস্তিবোধ করতে শুরু করেন। দ্রুত তাকে গাড়িতে করে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
অভিনেতা ও নির্মাতা শাহরিয়ার নাজিম জয় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানান, তারা দুজন হোটেল মম ইন-এ নসিব সিনেমার শুটিং করছিলেন। সকালে তৈরি হয়ে নিচে নামার প্রস্তুতির সময় প্রোডাকশন বয় ওপরে গেলে সোহেল খান কক্ষ থেকে বের হতে হতেই মাটিতে লুটিয়ে পড়েন এবং তার মুখ দিয়ে রক্ত বের হয়।
সিনেমার নির্মাতা ও প্রযোজক এমডি ইকবাল বলেন, বলার তো ভাষা নাই। ও আমার এত ঘনিষ্ঠ বন্ধু ছিল যে সকালবেলা যখন খবরটা আমি পাই, তখন আমি বিশ্বাস করতে পারিনি। গত রাতে ওর সাথে খুব হাসাহাসি, ফাইজলামি করলাম, আমার ছেলেকে খুব আদর-যত্ন করে বিদায় নিয়ে গেল। সকালবেলা আমি যখন ঘুম থেকে উঠি তার আগেই এই ঘটনা। পরে ফোন করে বলা হয় সোহেল হাসপাতালে। আস্তে আস্তে শোনা গেল হার্ট অ্যাটাক করে মারা গেছে। এসে তার লাশ দেখলাম। এটা আমার জন্য অনেক বড় একটা ধাক্কা।
নসিব সিনেমার নির্বাহী প্রযোজক জিল্লুর রহমান বলেন, মৃত্যু কার কখন হবে, তা আমরা কেউই বলতে পারব না। সকাল ৯টা বা সাড়ে ৯টার দিকে উনি নাশতা করে রুমে যান রেডি হওয়ার জন্য। সেখানে হঠাৎ খারাপ লাগতে শুরু করে। সঙ্গে সঙ্গে আমাদের টিমের দুই-তিনজন ইউনিটের গাড়ি নিয়ে টিএমএসএস হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসক জানিয়েছেন, উনি হার্ট অ্যাটাক করেছেন এবং পৌনে ১০টার দিকে মারা যান। তার বড় ছেলের সঙ্গে কথা হয়েছে। ধামরাইয়ের রাজাপুরে নিজ বাড়িতে তার দাফন সম্পন্ন হবে।
সিনেমার প্রধান সহকারী পরিচালক রবিন জানান, সকাল সাড়ে ৯টার দিকে একসঙ্গে নাশতা করার পর ১০টার দিকে আউটডোরে যাওয়ার প্রস্তুতি চলছিল। ওনাকে বললাম মেকআপ নিয়ে নিতে। উনি বললেন ৫-১০ মিনিট লাগবে রেডি হতে। এর মধ্যেই ঘটনাটা ঘটে। ১৮ তারিখ থেকে আমাদের সঙ্গে শুটিং করছিলেন, কোনো অসুস্থতার কথা কখনো বলেননি। পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন, ফজরের নামাজ পড়ে সবার আগে ঘুম থেকে তুলতেন। সকাল ১০টায় হাসপাতালে মুকেশ ঋষির সঙ্গে ওনার একটি সিকোয়েন্স ছিল। কাজ কিছুটা বাকি ছিল, এর আগেই ওনাকে হারাতে হলো।
রবিন আরও জানান, সোহেল খানের বড় ভাই হাসান ভাইয়ের সঙ্গে কথা হয়েছে এবং আনুষ্ঠানিকতা শেষে মরদেহ ধামরাইয়ের রাজাপুরে নেওয়া হচ্ছে।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহীম আলী বলেন, সকাল সাড়ে ১০টার দিকে এক সাংবাদিকের মাধ্যমে খবর পেয়ে খোজ নিই। জানতে পারি, নসিব সিনেমার শুটিংয়ের জন্য মম ইন হোটেলে অবস্থান করছিলেন অভিনেতা সোহেল খান। সকালে নাশতার সময় অসুস্থ বোধ করলে রুমে ফিরে যান এবং অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়ার পথে বা হাসপাতালে পৌঁছানোর পর ইসিজির মাধ্যমে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে, তারা এলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা