

বগুড়া সংবাদ : কৃষক কার্ড থাকবে হাতে, সেবা পাবেন সাথে সাথে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা-২০২৬ কার্যক্রমের আওতায় বগুড়ার দুপচাঁচিয়ায় ৮৯৪ কৃষকের মাঝে কৃষক কার্ড বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা/প্রধান অতিথি ভার্চুয়ালি কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এরই ধারাবাহিকতায় কৃষি মন্ত্রণালয়ের বাস্তবায়নে দুপচাঁচিয়া উপজেলা পরিষদ চত্বরে বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার কৃষকদের হাতে কৃষক কার্ড তুলে দেন।
কৃষক কার্ড বিতরণকালে আব্দুল মহিত তালুকদার বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। কৃষকদের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে কৃষক কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এর মাধ্যমে কৃষকরা বিভিন্ন সরকারি সহায়তা ও সেবা সহজে পাওয়ার সুযোগ পাবেন।
অনুষ্ঠানে বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক (ভারপ্রাপ্ত) ড. আব্দুল মজিদ প্রামাণিক, উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খান, উপজেলা বিএনপির সভাপতি এ কে এম মনিরুজ্জামান খান স্বপন, সাবেক সভাপতি আব্দুল হামিদ, ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সাইফুর রহমান মিলু, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জানাতুল ফেরদৌস, তালোড়া পৌরসভার সাবেক মেয়র আব্দুল জলিল খন্দকার, সদর ইউপি চেয়ারম্যান মায়াজ্জম হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ সাইফুল আবেদীন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা সালমা আক্তার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা যারীন তাসনিম নিলয়, রেজওয়ানুল ইসলাম নাহিদ, উপজেলা যুবদলের আহ্বায়ক আফছার আলীসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, উপসহকারী কৃষি কর্মকর্তা এবং উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী দিনে দুপচাঁচিয়া সদর ইউনিয়নের হাটসাজাপুর ব্লকের ৮৯৪ জন কৃষকের মাঝে কৃষক কার্ড বিতরণ করা হয়।
কৃষক কার্ডপ্রাপ্ত প্রত্যেক কৃষককে এককালীন বাৎসরিক ২ হাজার ৫০০ টাকা দেওয়ার কথা জানানো হয়েছে।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা