

বগুড়া সংবাদ : বাংলাদেশ প্রেস কাউন্সিলের উদ্যোগে বগুড়ায় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের দায়িত্ব ও কর্তব্য শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় সার্কিট হাউজ কনফারেন্স রুমে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। জেলা প্রশাসনের সহযোগিতায় দিনব্যাপি কর্মশালায় ৪০জন সাংবাদিক অংশ নেন।
বগুড়া জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আবদুল হাকিম। অনুষ্ঠানে গণমাধ্যমে অপপ্রচার ও অপসাংবাদিকতা প্রতিরোধে গণমাধ্যম সম্পর্কিত আইন ও বিধি-বিধানের যথাযথ প্রয়োগ ও প্রতিপালনের প্রয়োজনীয়তা বিষয়ে আলোচনা করেন তিনি।
কর্মমালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মীর্জা সায়েম মাহমুদ। স্বাগত বক্তব্য রাখেন বগুড়ার সিনিয়র তথ্য অফিসার মুহা: মাহফুজার রহমান। প্রশিক্ষণ কর্মশালার প্রথম সেশনে রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (যুগ্মসচিব) আব্দুস সবুর। তিনি গুজব, ভুয়া খবর পরিহার করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে প্রেস কাউন্সিল প্রণীত আচরণবিধি অনুসরণ এবং সাংবাদিকদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। আলোচনা সেশন শেষে মুক্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। শেষে প্রশিক্ষণার্থী সাংবাদিকদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা