সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে স্কুলবাস খাদে, শিক্ষার্থী নিহত; আহত ১০

বগুড়া সংবাদ : বগুড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি স্কুলবাস সড়কের পাশের খাদে পড়ে কানিজ ফাতেমা সোহা (১৪) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় বাসের হেলপারসহ আরও ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল সোয়া ৫টার দিকে বগুড়া সদর উপজেলার মাটিডালী-পীরগাছা সড়কের পল্লীমঙ্গল ইটভাটার কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত কানিজ ফাতেমা সোহা বীট মডেল স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
বীট মডেল স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি বিভাগের সহকারী শিক্ষক অরূপ রতন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, বগুড়া শহরের বিসিক এলাকায় অবস্থিত বীট মডেল স্কুল অ্যান্ড কলেজে বৃহস্পতিবার বিকেল পৌনে ৫টার দিকে ছুটি হয়। পরে পীরগাছা ও সাবগ্রামগামী শিক্ষার্থীদের নিয়ে স্কুলবাসটি রওনা দেয়। বিকেল সোয়া ৫টার দিকে পল্লীমঙ্গল ইটভাটার কাছে একটি সিএনজিচালিত অটোরিকশাকে পাশ কাটিয়ে যাওয়ার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়।
এতে বাসের ভেতরেই কানিজ ফাতেমা সোহা নিহত হয়। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে বাসে থাকা শিক্ষার্থীদের উদ্ধার করেন। পরে আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
সংশ্লিষ্টরা জানান, আহতদের মধ্যে বাসের হেলপার একরামুল হক এবং শিক্ষার্থী সামিউল মাহি ও সিনথিয়া মিমির অবস্থা গুরুতর।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দুর্ঘটনাস্থলের পাশেই একটি ইটভাটা রয়েছে। ইটভাটা থেকে আনা ইট সড়কের ওপর রেখে ভাঙার কাজ চলছিল। এতে সড়কের একাংশ সংকুচিত হয়ে যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিল। সড়কের সংকীর্ণ অংশের কারণে দুর্ঘটনা ঘটেছে কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে বলে জানান তারা।
দুর্ঘটনার খবর পেয়ে বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াজেদ আলী ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী ঘটনাস্থল পরিদর্শন করেন। জেলা প্রশাসক তৌফিকুর রহমান হাসপাতালে গিয়ে আহত শিক্ষার্থীদের খোঁজখবর নেন।
বগুড়া সদর থানার ওসি ইব্রাহীম আলী বলেন, নিহত শিক্ষার্থীর মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Check Also

শোডশেডিং কমাতে স্বল্প খরচে মডেল বিদ্যুৎ প্ল্যান্ট দেখালো আদর্শ স্কুলের ক্ষুদে শিক্ষার্থীরা

বগুড়া সংবাদ : দেশে অব্যাহত বিদ্যুতের ভয়ারহ শোডশেডিং কমাতে অল্পখরচে দুর্নীতি মুক্ত বিদ্যুত প্ল্যান্ট নির্মানের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *