সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড

বগুড়া সংবাদ : বগুড়ায় নিজ কন্যাকে ধর্ষণের অভিযোগে আব্দুল খালেক (৫১) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে বগুড়া শিশু দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা দায়রা জজ মারুফ হোসেন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আব্দুল খালেক বগুড়ার শেরপুর উপজেলার বাগড়া বস্তি এলাকার বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া শিশু দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আলী আসগর।
মামলার বরাত দিয়ে পিপি আলী আসগর জানান, ২০২০ সালের ৩১ অক্টোবর ভুক্তভোগী শিশুর মা, যিনি আসামির দ্বিতীয় স্ত্রী, তার স্বামীর বিরুদ্ধে মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়, শিশুটি তার বাবা ও সৎ মায়ের সঙ্গে ভাড়া বাসায় বসবাস করত।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০২০ সালের ২১ অক্টোবর ভোর সাড়ে ৪টার দিকে শিশুটির সৎ মা প্রতিদিনের মতো স্থানীয় একটি চাতালে ধান সেদ্ধ করতে চলে যান। এ সময় আব্দুল খালেক তার মেয়েকে ধর্ষণ করেন এবং বিষয়টি কাউকে না জানাতে তাকে হুমকি দেন।
এরপর শিশুটির আচরণে পরিবর্তন দেখা দেয়। সে বাড়ির কাজ করা বন্ধ করে দিলে তার সৎ মা ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করতে থাকেন। একপর্যায়ে শিশুটি তার সৎ মাকে ঘটনার কথা জানায়। তবে অভিযোগটি বিশ্বাস না করে সৎ মা শিশুটির ওপর নির্যাতনের মাত্রা আরও বাড়িয়ে দেন।
পরে নির্যাতন থেকে মুক্তি পেতে শিশুটি তার দুই সহপাঠীকে ঘটনাটি জানায়। তাদের কাছ থেকে বিষয়টি জানতে পেরে স্থানীয় কয়েকজন বাসিন্দা থানায় অভিযোগ করেন। পরে তদন্ত ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে মামলাটি আদালতে গড়ায়।
পিপি আলী আসগর আরও জানান, মামলায় আদালতে সাক্ষ্য-প্রমাণ উপস্থাপন শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় একমাত্র আসামি আব্দুল খালেককে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

Check Also

কাহালু পৌর এলাকায় দুই বসতবাড়িতে অগ্নিকাণ্ড, ক্ষয়ক্ষতি প্রায় ২০ লাখ টাকা

বগুড়া সংবাদ  : বগুড়ার কাহালু পৌরসভার লক্ষ্মীপুর গ্রামে পাশাপাশি দুটি বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *