
বগুড়া সংবাদ : বগুড়ার গাবতলী উপজেলার গাবতলী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের তরফমেরু তরফদারপাড়া গ্রামের যুবদলের কর্মী সুমন তরফদারের বিরুদ্ধে জমি জোরপূর্বক দখল, ফলজ ও বনজ গাছ কেটে নেওয়া, বাড়িঘর নির্মাণ এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন এস্কেন্দার হোসেন।
সোমবার (৩ আগস্ট) আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এস্কেন্দার হোসেন দাবি করেন, তিনি, তার ভাই রেজাবুল হক তরফদার (বুলবুল) ও ভাবী ফেরদৌসী বেগম আটটি কবলা দলিলের মাধ্যমে সুমন তরফদারের বাবা চাঁন মিয়া তরফদারের কাছ থেকে ৮৬ শতক জমি ক্রয় করেন। পরবর্তীতে আরএস জরিপে সংশ্লিষ্ট খতিয়ান প্রস্তুত করে দীর্ঘদিন ধরে জমির ভোগদখলে রয়েছেন। তার ভাই ও ভাবী যুক্তরাষ্ট্রে বসবাস করায় তারা তাকে আমমোক্তারনামা দিয়ে সম্পত্তি দেখভালের দায়িত্ব দেন।
তিনি অভিযোগ করেন, জমি জোরপূর্বক দখলের চেষ্টা করা হলে তিনি গাবতলী সিভিল আদালতে মামলা দায়ের করে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা লাভ করেন। কিন্তু আদালতের নির্দেশ উপেক্ষা করে অভিযুক্তরা জমি দখল করে মাটি ভরাট, বাউন্ডারি ওয়াল ও ঘর নির্মাণ করেন। এ সময় তার রোপণ করা ১০টি আম, ৫টি আতা, ৩টি তেঁতুল, ৩টি বেল, ৪০টি সুপারি, ৬টি তাল, ৩টি আমড়া, ২০টি রেইনট্রি/কড়ই, ৩০টি ইউক্যালিপটাস এবং ১১টি মেহগনি গাছ কেটে নিয়ে প্রায় সাড়ে ৬ লাখ টাকার ক্ষতি করা হয়েছে বলে দাবি করেন।
সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, এ ঘটনায় জাতীয় জরুরি সেবা ও গাবতলী থানায় অভিযোগ দেওয়া হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। পরে তিনি গাবতলী আমলি আদালতে আরেকটি মামলা দায়ের করেন। মামলার বিষয়টি জানার পরও অভিযুক্তরা দ্রুতগতিতে নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।
এস্কেন্দার হোসেন দাবি করেন, অভিযুক্তরা রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখল করেছেন এবং অভিযোগ করলেও প্রশাসন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারবে না বলে হুমকি দিচ্ছেন। এছাড়া ককটেল বিস্ফোরণ, বাড়িতে অগ্নিসংযোগ, মিথ্যা মামলা দিয়ে হয়রানি এবং সুযোগ পেলে হত্যার হুমকিও দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জমি দখল, গাছ কর্তন এবং হুমকির ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা