
বগুড়া সংবাদ : বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিসিসিআই) দ্বি-বার্ষিক নির্বাচনে বাদল-হিরু প্যানেল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। সভাপতি, সহ-সভাপতিসহ সব পদেই তারা বিপুল ভোটের ব্যবধানে প্রতিদ্বন্দ্বীদের পরাজিত করেছেন।
রোববার রাত ১০টার দিকে ভোট গণনা শেষে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মোছা. আছিয়া খাতুন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফলে সভাপতি পদে গোলাপ ফুল প্রতীকের প্রার্থী এম এস এম আতিকুর রহমান বাদল ৬৯৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সেলিম রেজা পেয়েছেন ২২৭ ভোট।
সহ-সভাপতি পদে বিজয়ী হয়েছেন হামিদুল হক চৌধুরী হিরু (৭২৬ ভোট) এবং মামদুদুর রহমান শিপন (৫৯১ ভোট)। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী এরশাদুল বারী এরশাদ পেয়েছেন ২৫৩ ভোট এবং মামুনুর রশীদ মামুন পেয়েছেন ১৯৬ ভোট।
পরিচালক পদে নির্বাচিত হয়েছেন খন্দকার মেজবাহুল হক রন্টু (৬১২), পরিমল চন্দ্র দাস (৫৯৬), আজিজার রহমান মিলটন (৫৭৯), শাহিনুর ইসলাম সবুজ (৫৬৯), এস এম নূর-ই-আলম সিদ্দিকী পল্লব (৫৫৭), রাসেদুল ইসলাম (৫৫৩), শফিকুল ইসলাম কোকন (৫৩২), সামসুল হক বেনু (৫২২) এবং মতিউর রহমান (৪৬৬)।
এর আগে উৎসবমুখর পরিবেশে বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রায় দুই দশক পর অনুষ্ঠিত এ নির্বাচনে মোট ১ হাজার ৭৭ জন ভোটারের মধ্যে ৯৩০ জন ভোটাধিকার প্রয়োগ করেন। রোববার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শহরের শহীদ টিটু মিলনায়তনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলে।
নির্বাচনে সভাপতি, দুইজন সহ-সভাপতি ও নয়জন পরিচালকসহ মোট ১২টি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সরকার সমর্থিত বাদল-হিরু প্যানেল এবং জামায়াত সমর্থিত সেলিম-এরশাদ প্যানেল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে। এছাড়া পরিচালক পদে কয়েকজন স্বতন্ত্র প্রার্থীও অংশ নেন।
উল্লেখ্য, নির্বাচনকে ঘিরে নানা আলোচনা-সমালোচনারও সৃষ্টি হয়। সরকার সমর্থিত প্যানেলকে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগে বগুড়া চেম্বারের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। একই সঙ্গে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বাদল-হিরু প্যানেলের সভাপতি প্রার্থী আতিকুর রহমান বাদলকে শোকজ করে নির্বাচন পরিচালনা কমিটি।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
