সর্বশেষ সংবাদ ::

বগুড়ার মাটিডালীতে গাড়ির শোরুমে ভয়াবহ অগ্নিকাণ্ড

বগুড়া সংবাদ : বগুড়া মহানগরের মাটিডালী এলাকায় অবস্থিত ‘জারা কার হাউজ ই সল্যুশন’ নামের একটি গাড়ির নতুন শোরুমে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (২৮ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে আগুনের সূত্রপাত হলে তা দ্রুত পুরো শোরুমে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বগুড়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শোরুমে একটি গাড়ির মেরামত কাজ চলাকালে তেলের ট্যাঙ্কিতে আগুন লাগে। সেখানে থাকা দাহ্য পদার্থের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং শোরুমের অন্যান্য গাড়ি ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়।
প্রতিষ্ঠানের প্রতিনিধি মো. মনোয়ার জানান, শোরুমে থাকা ১৭-১৮টি গাড়ির মধ্যে অন্তত ৬টি গাড়ি আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েক মাস ধরে নির্মাণাধীন শোরুমটিতে প্রায় ২ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছিল। এছাড়া ক্ষতিগ্রস্ত গাড়িগুলোর মূল্য প্রায় দেড় কোটি টাকা। সব মিলিয়ে প্রায় সাড়ে ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
তিনি আরও অভিযোগ করেন, আগুন লাগার পরপরই নিজস্ব অগ্নি নির্বাপক যন্ত্র ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হয় এবং ৩-৪ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ৪০ মিনিট পর ঘটনাস্থলে পৌঁছায়। এর মধ্যে আগুন পুরো শোরুমে ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে বগুড়া ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ শহিদুল ইসলাম বলেন, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করা হয়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। প্রাথমিকভাবে অতিরিক্ত গরম আবহাওয়া এবং গাড়ি মেরামতের সময় অসাবধানতাকে আগুন লাগার সম্ভাব্য কারণ হিসেবে ধারণা করা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তিনি কোনো মন্তব্য করেননি।

Check Also

দুপচাঁচিয়া মহিলা কলেজে একাদশ শ্রেণির ক্লাস উদ্বোধন

বগুড় সংবাদ :  বগুড়ার দুপচাঁচিয়া মহিলা কলেজে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাসের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *