সর্বশেষ সংবাদ ::

যুদ্ধ, বিমানবাহিনী ও জীবনের অভিজ্ঞতা নিয়ে রচিত আত্মজৈবনিক গ্রন্থ ‘অবিশ্বাস্য এক যাত্রা’ বইয়ের মোড়ক উন্মোচন

বগুড়া সংবাদ : অবিশ্বাস্য এক যাত্রা’ শুধু একটি আত্মজীবনী নয়; এটি ইতিহাস, অভিজ্ঞতা ও মানবিক সংগ্রামের এক অনন্য দলিল। যুদ্ধের আকাশ থেকে প্রশাসনের অন্দরমহল পর্যন্ত একজন মানুষের দীর্ঘ পথচলার বাস্তব অভিজ্ঞতা উঠে এসেছে বইটিতে, যা অনেক সময় কল্পকাহিনীকেও হার মানায়।
দীর্ঘ ১০ বছরের শ্রমে রচিত গ্রুপ ক্যাপ্টেন (অব.) এম শওকত ইসলাম জিন্নাহ’র আত্মজৈবনিক গ্রন্থ ‘অবিশ্বাস্য এক যাত্রা’র আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়েছে। সোমবার (২৫ মে) বেলা সাড়ে ১১টায় বগুড়ার Hotel Naz Garden মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বইটির মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মোজাম্মেল হক লালু। সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রেজাউল হাসান রানু ও কালাম আজাদ। সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদ অনুষ্ঠানে সঞ্চালনা করেন।
এসময় আরও বক্তব্য রাখেন বইটির লেখক গ্রুপ ক্যাপ্টেন (অব.) এম শওকত ইসলাম জিন্নাহ, প্রকাশক আহমদ সারওয়ারুদ্দৌলা, বাংলাদেশ প্রতিদিনের বিশেষ প্রতিনিধি আবদুর রহমান টুলু প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হোটেল নাজ গার্ডেনের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ শোকরান-সহ বগুড়ায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠানে লেখক এম শওকত ইসলাম জিন্নাহ তাঁর দীর্ঘ কর্মজীবন, যুদ্ধকালীন অভিজ্ঞতা ও পারিবারিক স্মৃতিচারণ তুলে ধরেন। তিনি বলেন, বইটি মূলত তাঁর জীবনের নানা উত্থান-পতন, দায়িত্ববোধ, দেশপ্রেম ও অভিজ্ঞতার নির্যাস। একজন ফাইটার পাইলট, সামরিক কর্মকর্তা ও প্রশাসনিক কর্মকর্তা হিসেবে জীবনের বিভিন্ন অধ্যায় তিনি বইটিতে তুলে ধরেছেন।
প্রকাশক আহমদ সারওয়ারুদ্দৌলা বলেন, বইটিতে ১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের সময় পাকিস্তান বিমানবাহিনীতে লেখকের দায়িত্ব পালন, যুদ্ধকালীন অভিজ্ঞতা, ফাইটার পাইলটদের প্রশিক্ষণ ও স্কোয়াড্রন জীবনের নানা দিক বিস্তারিতভাবে উঠে এসেছে। পাশাপাশি স্বাধীনতার পর বাংলাদেশ বিমানবাহিনীর প্রথম দিককার গঠনপ্রক্রিয়া ও অভ্যন্তরীণ অভিজ্ঞতাও এতে স্থান পেয়েছে।
বক্তারা বলেন, বর্তমান প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধ, সামরিক জীবন ও স্বাধীনতা-পরবর্তী রাষ্ট্রগঠনের নানা অজানা অধ্যায় তুলে ধরতে এ ধরনের আত্মজৈবনিক গ্রন্থ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একজন প্রত্যক্ষ অভিজ্ঞ মানুষের স্মৃতিচারণ ইতিহাসের অনেক অনুল্লিখিত দিক সামনে নিয়ে আসে।
জানা যায়, রাষ্ট্রীয় প্রশাসনের ভেতরের নানা বাস্তবতা, টানাপোড়েন, ষড়যন্ত্র ও প্রতিকূলতার মধ্যেও টিকে থাকার সংগ্রামের কথাও বইটিতে অকপটে তুলে ধরা হয়েছে। নেতৃত্ব, সংকট মোকাবিলা, সিদ্ধান্ত গ্রহণ ও মানবিক মূল্যবোধের নানা শিক্ষা বইটিকে শুধু ইতিহাস বা সামরিক বিষয়ে আগ্রহী পাঠকদের জন্য নয়, করপোরেট ও পেশাজীবী মানুষের কাছেও গুরুত্বপূর্ণ করে তুলবে।
লেখক এম শওকত ইসলাম জিন্নাহ ১৯৪০ সালের ২ ফেব্রুয়ারি বগুড়ার সারিয়াকান্দি উপজেলার নারচি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বগুড়ার চকযাদু প্রি-প্রাইমারি স্কুল, করনেশন হাই স্কুল ও বগুড়া জিলা স্কুলে পড়াশোনা করেন। পরে রাজশাহী সরকারি কলেজ ও আজিজুল হক কলেজ-এ উচ্চশিক্ষা গ্রহণ করেন।
অনুষ্ঠান শেষে অতিথিরা বইটির সফলতা কামনা করেন এবং পাঠকদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ অভিজ্ঞতাভিত্তিক গ্রন্থ হিসেবে বিবেচিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Check Also

দুপচাঁচিয়ায় ইসলামী ব্যাংকের সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন অনুষ্ঠিত

বগুড়া সংবাদ :  দুপচাঁচিয়ায় ইসলামী ব্যাংকের সচেতন গ্রাহক ফোরামের উদ্যোগে ইসলামী ব্যাংকিং ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *