সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় সংবাদ সম্মেলনে আইনজীবীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

বগুড়া সংবাদ : বগুড়ায় এক আইনজীবীর বিরুদ্ধে প্রতারণা ও মিথ্যা মামলা দায়েরের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন এক ব্যবসায়ী। রবিবার (৩ মে ২০২৬) বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন মাটিডালী এলাকার ব্যবসায়ী মোঃ আবু নাসির।

লিখিত বক্তব্যে তিনি জানান, তিনি দীর্ঘদিন ধরে বগুড়াসহ দেশের বিভিন্ন স্থানে সুনামের সঙ্গে নগদ ও কিস্তিভিত্তিক গাড়ির ব্যবসা পরিচালনা করে আসছেন। ব্যবসায়িক বিভিন্ন আইনি সহায়তার জন্য তিনি ২০২৩ সালের ১১ এপ্রিল বগুড়া আইনজীবী সমিতির নিবন্ধিত আইনজীবী অ্যাডভোকেট আব্দুল্লাহীল জুবাইরের শরণাপন্ন হন। এ সময় পারস্পরিক সুসম্পর্ক গড়ে ওঠে এবং তার প্রতিষ্ঠানের কিছু স্বাক্ষরিত প্যাড ও কাগজপত্র উক্ত আইনজীবীর কাছে থেকে যায়।
অভিযোগে তিনি আরও বলেন, তার সেই সরলতার সুযোগ নিয়ে আইনজীবী আব্দুল্লাহীল জুবাইর স্বাক্ষরিত ফাঁকা প্যাড ব্যবহার করে প্রায় ২০ লাখ ৫০ হাজার টাকার একটি গাড়ি ক্রয়ের ভুয়া দলিল তৈরি করেন। পরবর্তীতে বিভিন্নভাবে পারিশ্রমিক গ্রহণের পরও ওই আইনজীবী তার কাছে ২৭ লাখ টাকা পাওনা দাবি করে বগুড়া সদর থানায় একটি মামলা দায়ের করেন (জিআর নং-৪০/২০২৫)। মামলার পরপরই পুলিশ তাকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায়।
তিনি জানান, জামিনে মুক্ত হওয়ার পর তার বিরুদ্ধে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ৯৮ ধারায় গাড়ি উদ্ধারের আরেকটি মামলা করা হয়। একতরফা আদেশের মাধ্যমে তার প্রতিষ্ঠান থেকে গাড়িটি জব্দ করে ফুলবাড়ি পুলিশ ফাঁড়িতে রাখা হয়। পরবর্তীতে তিনি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে আইনি লড়াই করে গাড়িটি পুনরুদ্ধার করেন।
সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, উক্ত মামলার পুলিশি তদন্ত প্রতিবেদনে অভিযোগ মিথ্যা প্রমাণিত হলে অভিযুক্ত আইনজীবী ক্ষিপ্ত হয়ে আদালতে নারাজি আবেদন করেন এবং তার বিরুদ্ধে অপহরণ ও হামলার মিথ্যা অভিযোগ তোলেন। একইসঙ্গে তিনি ১০১৬ সি/২০২৬ নম্বরের আরেকটি মামলা দায়ের করেন, যা তদন্তের জন্য পিবিআইতে পাঠানো হয়েছে। এছাড়া মানববন্ধনের নামে বিভ্রান্তিকর কর্মসূচি আয়োজন করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে আবু নাসির বলেন, “আমি একজন সাধারণ ব্যবসায়ী। মিথ্যা মামলা ও হয়রানির কারণে আমার ব্যবসা ও সামাজিক সম্মান ক্ষুণ্ন হয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”
তিনি গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন, যাতে তিনি ন্যায়বিচার পেয়ে স্বাভাবিকভাবে ব্যবসা পরিচালনা করতে পারেন।

Check Also

দুপচাঁচিয়ায় মহান মে দিবস পালিত

বগুড়া সংবাদ : বগুড়ার দুপচাঁচিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *