সর্বশেষ সংবাদ ::

পাল্টা মানববন্ধন: বগুড়ায় মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

বগুড়া সংবাদ: বগুড়ার মালগ্রামে সাধারণ মানুষের নামে দায়ের করা কথিত মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে ভুক্তভোগী পরিবারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে বগুড়া শহরের সাতমাথা এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সম্প্রতি বগুড়ায় এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে উদ্দেশ্য প্রণোদিতভাবে মো. শফিকুল ইসলাম শফিক, মো. রবিন, মো. জেল্লাল ও ফুল্লা আলমসহ নিরীহ ব্যক্তিদের আসামি করে একটি বানোয়াট মামলা দায়ের করা হয়েছে। এর মাধ্যমে একটি মহল রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে সাধারণ মানুষকে হয়রানি করছে বলে দাবি তাদের।

বক্তারা আরও বলেন, অতীতে আওয়ামী লীগ সরকারের আমলে চকসূত্রাপুর কসাইপাড়া এলাকায় কুখ্যাত সন্ত্রাসী আব্দুল মতিন সরকারের নেতৃত্বে তাদের ওপর হামলা, মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এতে কয়েকটি পরিবারকে পৈতৃক ভিটা ছাড়তে বাধ্য করা হয় এবং বসতবাড়ি ভাঙচুর করা হয় বলেও অভিযোগ তোলা হয়।

তারা দাবি করেন, বিএনপি-সমর্থক পরিবার হওয়ায় শফিকুল ইসলাম শফিককে একাধিকবার রাজনৈতিক প্রভাব খাটিয়ে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে এবং তাকে হত্যার উদ্দেশ্যে কয়েক দফা হামলা চালানো হয়েছে। এসব ঘটনার বিচার চেয়ে অতীতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করা হলেও তৎকালীন প্রভাবশালী মহলের কারণে ন্যায়বিচার পাননি তারা।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বর্তমানে আবারও একটি হত্যা মামলায় নিরপরাধ ব্যক্তিদের আসামি করা হয়েছে। চকসূত্রাপুর এলাকায় মতিন ও আলাল বাহিনীর নির্যাতনে নারী ও বৃদ্ধরাও নিরাপদ নন বলেও তারা উল্লেখ করেন।

এ সময় বক্তারা জানান, আলাল নামে এক ব্যক্তির বিরুদ্ধে বগুড়া সদর ও শিবগঞ্জ থানাসহ বিভিন্ন আদালতে হত্যা, মাদক ও অন্যান্য অভিযোগে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

সমাবেশে বক্তারা অবিলম্বে শফিকুল ইসলাম শফিকসহ নিরপরাধ ব্যক্তিদের নামে দায়েরকৃত মামলা প্রত্যাহার, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Check Also

নানা কর্মসূচীর মধ্য দিয়ে বগুড়ায় জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন

বগুড়া সংবাদ : সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *