সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় মহিলাদল নেত্রীর পরীক্ষা দিতে গিয়ে কলেজছাত্রী আটক

বগুড়া সংবাদ: বগুড়ায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে চলমান এসএসসি পরীক্ষায় মহিলাদলের নেত্রীর হয়ে প্রক্সি দিতে গিয়ে এক কলেজছাত্রী আটক হয়েছেন। শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে বগুড়া জিলা স্কুল কেন্দ্রে পরীক্ষা চলাকালে তাকে আটক করা হয়।

আটক ঈশিতা আক্তার তিশা (১৮) বগুড়া সরকারি আজিজুল হক কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি বগুড়া শহরের চকসূত্রাপুর এলাকার জীবন শেখের মেয়ে।

পুলিশ ও কেন্দ্র সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুক্রবার (২৪ এপ্রিল) দুপুর ২টা থেকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীনে এসএসসি (দ্বিতীয় বর্ষ) প্রোগ্রামের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা শুরু হয়। জিলা স্কুল কেন্দ্রের ২০১ নম্বর কক্ষে পরীক্ষার্থী ছিলেন বগুড়া শহর মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক নিপা খাতুন। নিপা খাতুন শহরের চকসূত্রাপুর এলাকার জাইদুল ইসলামের স্ত্রী। তার পরিবর্তে পরীক্ষায় অংশ নিতে আসেন প্রতিবেশী কলেজছাত্রী ঈশিতা।

আরও জানা যায়, পরীক্ষা চলাকালে কক্ষ পরিদর্শক উত্তরপত্রে সই করার সময় প্রবেশপত্রের ছবির সঙ্গে পরীক্ষার্থীর চেহারার মিল না পেয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে ওই শিক্ষার্থী নিজের পরিচয় ও অন্যের হয়ে প্রক্সি দেওয়ার কথা স্বীকার করেন। পরে কেন্দ্র কর্তৃপক্ষ তাকে পুলিশে সোপর্দ করে।

জালিয়াতির বিষয়টি অস্বীকার করে বিএনপি নেত্রী নিপা খাতুন বলেন, আমি পরীক্ষার সময় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছিলাম। সামান্য সময়ের জন্য আমার ভাগনিকে কেন্দ্রে বসিয়ে রেখে গিয়েছিলাম। পরীক্ষা মূলত আমিই দিচ্ছিলাম। ভুল-বোঝাবুঝির কারণে এমনটি হয়েছে।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহীম আলী বলেন, আটক শিক্ষার্থী থানায় পুলিশ হেফাজতে রয়েছেন। জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, নিপা খাতুন তার খালা হন। সেই সম্পর্কের সূত্র ধরেই পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

Check Also

জাকিরের পর মাধেভেরের সেঞ্চুরী বগুড়ায় প্রথম ওয়ানডে ৮৫ রানে জিতলো বাংলাদেশ এ

বগুড়া সংবাদ : অধিনায়ক জাকির হাসানের ঝড়ো সেঞ্চুরীর সাথে ইফতেখার আহমেদ ইফতি ও রাতুলের টর্নেডো …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *