বগুড়া সংবাদ : বগুড়া, ২৪ এপ্রিল ২০২৬: বগুড়ার শাজাহানপুরে চাঞ্চল্যকর রকি হত্যা মামলার এজাহারভুক্ত ১ নম্বর পলাতক আসামি মোঃ হারুন (৪৫) কে ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২), সিপিএসসি বগুড়া।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৩ এপ্রিল ২০২৬ তারিখে সকাল আনুমানিক ১১টা ৩০ মিনিটে আসামি মোঃ হারুন মোবাইল ফোনে কল দিয়ে ভিকটিম রকি (২৬) কে ডেকে নেয়। পরে রকি তার ব্যবহৃত মোটরসাইকেল নিয়ে দুপুর ১২টার দিকে বাড়ি থেকে বের হয়।
একই দিন দুপুর আনুমানিক ১টা ১০ মিনিটে বাদীর প্রতিবেশী অটোচালক মামুন খবর দেন যে, রকি শাজাহানপুর থানাধীন ১৩ নম্বর ওয়ার্ডের বেতগাড়ী গ্রামে গাক চক্ষু হাসপাতালের বিপরীত পাশে আর্মি ল্যান্ড সংলগ্ন ফাঁকা জায়গায় রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। খবর পেয়ে বাদী ও ভিকটিমের স্ত্রী মোছাঃ বিথি ঘটনাস্থলে গিয়ে তার পরিহিত সাদা গেঞ্জি ও জিন্স প্যান্ট দেখে শনাক্ত করেন।
তারা দেখতে পান, ভিকটিমের মাথার পেছনে, ঘাড়ের বাম পাশে ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের এলোপাতাড়ি আঘাতে গুরুতর জখম হয়ে তিনি ঘটনাস্থলেই নিহত হয়েছেন। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ ও বাদীর ধারণা অনুযায়ী, পূর্ব শত্রুতার জেরে মোঃ হারুনসহ অন্যান্য আসামিরা পূর্বপরিকল্পিতভাবে লোহার হাতুড়ি, রাম দা ও ধারালো অস্ত্র দিয়ে এ হত্যাকাণ্ড সংঘটিত করে।
এ ঘটনায় ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫/৬ জনকে আসামি করে বগুড়ার শাজাহানপুর থানায় ২৪ এপ্রিল ২০২৬ তারিখে মামলা নং-২১, ধারা ৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০ অনুযায়ী একটি হত্যা মামলা দায়ের করা হয়।
পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২, সিপিএসসি বগুড়া জানতে পারে যে, পলাতক আসামি মোঃ হারুন গ্রেফতার এড়াতে শিবগঞ্জ উপজেলার কিচক এলাকায় তার আত্মীয়ের বাড়িতে আত্মগোপনে রয়েছে। এ তথ্যের ভিত্তিতে র্যাব-১২ এর একটি আভিযানিক দল ২৪ এপ্রিল দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
