সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় ‘আমরা জুলাই যোদ্ধা’র স্মরণসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহিদ ও আহতদের স্মরণে বগুড়ায় স্মরণসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে নগরীর একটি মিলনায়তনে ‘আমরা জুলাই যোদ্ধা’ বগুড়া জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা। পবিত্র কুরআন তিলাওয়াত করেন জুলাই যোদ্ধা আবিদুর রহমান আবিদ। পরে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন এবং জুলাই আন্দোলনের শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
প্রধান অতিথির বক্তব্যে এমপি রেজাউল করিম বাদশা বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান ছিল সাধারণ মানুষের গণআন্দোলন এবং এটি কোনো একক ব্যক্তি বা দলের নয়। তিনি দাবি করেন, দীর্ঘদিনের আন্দোলনের ধারাবাহিকতায় এই গণঅভ্যুত্থান সফল হয় এবং এর ফলেই দেশে বর্তমান রাজনৈতিক পরিবর্তন সম্ভব হয়েছে। আন্দোলনের সময় বিএনপির নেতাকর্মীরা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, অবাধ ও নিরপেক্ষ ভোটের মাধ্যমে গঠিত বর্তমান সরকার দেশের উন্নয়নে কাজ করছে। বগুড়া বিশ্ববিদ্যালয় ও আন্তর্জাতিক বিমানবন্দরসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হলে এ অঞ্চলের মানুষের জীবনমান উন্নত হবে। সাম্য, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম. আর. ইসলাম স্বাধীন বলেন, জুলাই যোদ্ধাদের যেকোনো বাস্তবসম্মত সহযোগিতায় সিটি করপোরেশন পাশে থাকবে। তিনি বলেন, শুধু শহিদ বা আহতরাই নন, জুলাই আন্দোলনে দেশের প্রতিটি পরিবারেরই কোনো না কোনো অবদান ছিল।
বগুড়া জেলা পরিষদের প্রশাসক এ. কে. এম. আহসানুল তৈয়ব জাকির জুলাই আন্দোলনে আহতদের স্মৃতিচারণ করে বলেন, অনেক তরুণ এখনো শরীরে গুলির ক্ষত বহন করছেন এবং তাদের আত্মত্যাগের মাধ্যমেই বর্তমান বাংলাদেশ গড়ে উঠেছে।
প্রধান বক্তা ‘আমরা জুলাই যোদ্ধা’ কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আমিনুল ইসলাম ইমন বলেন, সংগঠনের মাধ্যমে জুলাই আন্দোলনের যোদ্ধাদের একত্রিত করা হবে এবং তাদের চিকিৎসা, ভাতা ও পুনর্বাসনে সর্বাত্মক সহযোগিতা করা হবে।
বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বগুড়া মহানগরের আমির আবিদুর রহমান সাহেল বলেন, জুলাই ছিল সাধারণ মানুষের গণবিস্ফোরণ। জুলাইয়ের আদর্শ বাস্তবায়নে জাতীয় ঐক্য বজায় রাখার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
এ সময় আরও বক্তব্য দেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল, মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু, মহানগর জামায়াতের মিডিয়া বিভাগের ইকবাল হোসেন, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এম. এস. এ. মাহমুদ এবং জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ‘আমরা জুলাই যোদ্ধা’ বগুড়া জেলা কমিটির আহ্বায়ক জুলফিকার আলম ও মহানগর কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ। অতিথিদের ফুল দিয়ে বরণ ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়া জুলাই আন্দোলনের ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে জুলাই শহিদ পরিবারের সদস্যরাও বক্তব্য দেন। তারা শহিদদের হত্যার বিচার, আহতদের উন্নত চিকিৎসা, পুনর্বাসন এবং দায়ীদের দ্রুত বিচারের দাবি জানান। শেষে জুলাই যোদ্ধা রওশানুল কাওছার মানিক দোয়া পরিচালনা করেন এবং সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

Check Also

ধুনটে বালুবাহী ট্রাকের চাপায় মোটরসাইকেল চলকের মৃত্যু

  বগুড়া সংবাদ : বগুড়ার ধুনটে বালুবাহী ট্রাকের চাপায় পিষ্ট হয়ে সোহেল রানা (২৮) নামে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *