
বগুড়া সংবাদ : বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আসন্ন দ্বি-বার্ষিক নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক অনিয়ম ও পক্ষপাতিত্বের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। শুক্রবার (৩ জুলাই) বিকালে বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরা হয়।
লিখিত বক্তব্যে সভাপতি পদপ্রার্থী মোঃ সেলিম রেজা বলেন, আগামী ৫ জুলাই অনুষ্ঠিতব্য চেম্বার নির্বাচনে শুরু থেকেই নির্বাচন পরিচালনা কমিটি একটি বিশেষ প্যানেলের প্রতি পক্ষপাতমূলক আচরণ করে আসছে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে একটি প্যানেলের পক্ষ থেকে পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশ ও ভোটারদের নিয়ে ভোজসভার আয়োজন করা হলেও এ বিষয়ে অভিযোগের পরও নির্বাচন পরিচালনা কমিটি কোনো ব্যবস্থা গ্রহণ করেনি।
তিনি অভিযোগ করেন, ভোটার আইডি কার্ড বিতরণে গুরুতর অনিয়ম হয়েছে। নির্বাচন পরিচালনা কমিটির বিজ্ঞপ্তিতে ভোটারদের নিজ উপস্থিতিতে আইডি কার্ড সংগ্রহের নির্দেশনা থাকলেও একটি প্যানেলের পক্ষ থেকে মাত্র দুইজন ব্যক্তির স্বাক্ষরে প্রায় ৬০০টির বেশি ভোটার আইডি কার্ড উত্তোলন করা হয়েছে। এছাড়া সংশ্লিষ্ট প্যানেলের পক্ষ থেকে মোবাইল ফোনে বার্তা পাঠিয়ে ভোটারদের তাদের নিকট থেকে আইডি কার্ড সংগ্রহ করতে বলা হচ্ছে বলেও দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, বিষয়টি নিয়ে নির্বাচন পরিচালনা কমিটির দৃষ্টি আকর্ষণ করা হলে প্রথমে তারা অভিযোগ অস্বীকার করেন। পরে রেজিস্টার যাচাই করে দেখা যায়, সভাপতি পদপ্রার্থী আতিকুর রহমান বাদলের প্রতিষ্ঠানের একজন ম্যানেজার এবং একই প্রতিষ্ঠানের এক কর্মচারীর স্বাক্ষরে বিপুল সংখ্যক ভোটার আইডি কার্ড উত্তোলন করা হয়েছে।
এ সময় চেম্বারের অফিস সেক্রেটারি মাসুদ রানার বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণের অভিযোগও তোলা হয়। বক্তারা দাবি করেন, নির্বাচন পরিচালনা কমিটি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের কর্মকাণ্ডে একটি বিশেষ প্যানেলকে সুবিধা দেওয়ার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, যা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছে।
সংবাদ সম্মেলনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা বলেন, বর্তমান নির্বাচন পরিচালনা কমিটির অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। তাই নির্বাচনের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে বর্তমান নির্বাচন পরিচালনা কমিটি বাতিল করে নতুন ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনা কমিটি গঠনের দাবি জানান তারা।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা