সর্বশেষ সংবাদ ::

বগুড়ার ক্রীড়াঙ্গনে নতুন ইতিহাস: ২য় বিভাগ বাস্কেটবল টুর্নামেন্টে খেলবে এইচএন বাস্কেটবল একাডেমি

বগুড়া সংবাদ : বগুড়ার ক্রীড়াঙ্গনে নতুন ইতিহাসের সূচনা করতে যাচ্ছে এইচএন হ্যান্ডবল অ্যান্ড বাস্কেটবল একাডেমি। বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশন আয়োজিত ২য় বিভাগ বাস্কেটবল টুর্নামেন্ট-২০২৬-এ অংশগ্রহণের লক্ষ্যে বগুড়া থেকে প্রথমবারের মতো একটি বাস্কেটবল দল ঢাকার উদ্দেশ্যে যাত্রা করছে।

আগামী ১ জুলাই থেকে ঢাকায় শুরু হতে যাওয়া এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্টে অংশ নিতে একাডেমির খেলোয়াড়রা দীর্ঘদিন ধরে নিবিড় অনুশীলন ও প্রশিক্ষণ গ্রহণ করেছেন। সংশ্লিষ্টরা জানান, দক্ষ কোচিং, কঠোর পরিশ্রম এবং নিয়মিত অনুশীলনের মাধ্যমে দলটিকে প্রতিযোগিতার জন্য প্রস্তুত করা হয়েছে।

একাডেমির কর্মকর্তারা জানান, টুর্নামেন্টে অংশগ্রহণ শুধু একটি প্রতিযোগিতায় খেলার সুযোগ নয়, বরং বগুড়ার বাস্কেটবলকে জাতীয় পর্যায়ে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তাদের প্রত্যাশা, এই দলের হাত ধরেই জেলার বাস্কেটবল অঙ্গনে নতুন অধ্যায়ের সূচনা হবে।

একাডেমির পক্ষ থেকে বলা হয়, “আমাদের তরুণ ও প্রতিভাবান খেলোয়াড়রা নিজেদের সেরাটা দেওয়ার জন্য প্রস্তুত। প্রথমবার অংশগ্রহণ করলেও আমরা ভালো ফলাফল অর্জনের মাধ্যমে বগুড়ার জন্য গৌরব বয়ে আনতে চাই।”

এদিকে টুর্নামেন্টে অংশগ্রহণের প্রস্তুতির অংশ হিসেবে

শুক্রবার (২৬ জুন ) বিকেলে শহীদ চান্দু স্টেডিয়ামের পাশে বাস্কেটবল মাঠে

একটি প্রীতি বাস্কেটবল ম্যাচের আয়োজন করে এইচএন হ্যান্ডবল অ্যান্ড বাস্কেটবল একাডেমি। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ওই ম্যাচে এইচএন কালো দল চ্যাম্পিয়ন এবং এইচএন লাল দল রানারআপ হওয়ার গৌরব অর্জন করে।

প্রীতি ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য ও ১৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রাজু হোসেন পাইকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিট মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার শাহাবুদ্দিন সৈকত।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এইচএন হ্যান্ডবল অ্যান্ড বাস্কেটবল একাডেমির পরিচালক আব্দুল মমিন বুলু।

বগুড়া থেকে প্রথমবারের মতো কোনো দল জাতীয় পর্যায়ের বাস্কেটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করায় স্থানীয় ক্রীড়ামোদী ও খেলোয়াড়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। ক্রীড়া সংশ্লিষ্টরা মনে করছেন, এ উদ্যোগের মাধ্যমে জেলায় বাস্কেটবল খেলার প্রসার ঘটবে এবং নতুন প্রজন্মের খেলোয়াড়রা এ খেলার প্রতি আরও আগ্রহী হয়ে উঠবে।

Check Also

শিবগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

  বগুড়া ‌ সংবাদ (রশিদুর রহমান রানা শিবগঞ্জ ,বগুড়া)  : ২০২৫-২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *