
বগুড়া সংবাদ : পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের জেলা শাখা। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) আয়োজিত এ কর্মসূচিতে বৃষ্টি উপেক্ষা করে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
বিকেলে শহরের সম্মিলিত বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বগুড়ার প্রাণকেন্দ্র সাতমাথায় এসে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ। জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা। তিনি বলেন, দেশের স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টের যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ( ভারপ্রাপ্ত) মোশারফ হোসেন এমপি। এছাড়াও বক্তব্য রাখেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি সরকার মুকুল, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ।
সমাবেশে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কর্মসূচি চলাকালে বৃষ্টি শুরু হলেও নেতাকর্মীদের উপস্থিতিতে কোনো ভাটা পড়েনি। বৃষ্টিতে ভিজেই তারা মিছিল ও সমাবেশে অংশ নেন।
বিক্ষোভ মিছিল ও সমাবেশকে ঘিরে শহরের সাতমাথা এলাকায় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। কর্মসূচিকে কেন্দ্র করে সেখানে কিছু সময়ের জন্য রাজনৈতিকভাবে সরব হয়ে ওঠে বগুড়া শহরের কেন্দ্রস্থল।
ক্যাপশন ঃ পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে বগুড়ায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ মিছিল শেষে সাতমাথায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ও সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা