বগুড়া সংবাদ :প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো আগামী ২০ এপ্রিল তার নিজ শহর বগুড়ায় সফরে আসছেন। প্রায় ৬ ঘণ্টার এই সফরে তিনি একাধিক উন্নয়নমূলক কর্মসূচিতে অংশগ্রহণ ও উদ্বোধন করবেন।
প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মো. উজ্জল হোসেন স্বাক্ষরিত সফরসূচি অনুযায়ী, তিনি হেলিকপ্টারযোগে সকাল সোয়া ১০টায় বগুড়া পুলিশ লাইন্সে পৌঁছাবেন। সেখান থেকে সড়কপথে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে গিয়ে ই-বেইলবন্ড কার্যক্রমের উদ্বোধন করবেন।
একই দিনে তিনি বগুড়া সিটি কর্পোরেশন ঘোষণার উদ্বোধন করবেন। বেলা পৌনে ১২টায় শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন।
পরবর্তীতে তিনি বাগবাড়ী নশিপুরের চৌকিরদহ খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন এবং দুপুর পৌনে ১টায় শহীদ জিয়াউর রহমান গ্রাম হাসপাতাল পরিদর্শন করবেন।
দুপুর ২টায় তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর পৈতৃক বাড়ি পরিদর্শনে যাবেন। সেখানে কিছু সময় অবস্থান শেষে বিকেল ৩টায় বগুড়া সার্কিট হাউসে পৌঁছাবেন এবং প্রায় এক ঘণ্টা অবস্থান করবেন।
সফর শেষে বিকেল ৪টায় বগুড়া পুলিশ লাইন্স থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
