বগুড়া সংবাদ : (রশিদুর রহমান রানা শিবগঞ্জ ,বগুড়া) :
বগুড়ার শিবগঞ্জে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে মীর শাহে আলম ফাউন্ডেশন। উপজেলার অন্তত ১,২০০ জন অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চক্ষু সেবা ও চোখের ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়েছে এই মহৎ উদ্যোগের মাধ্যমে।
সোমবার গাক চক্ষু হাসপাতালের সার্বিক সহযোগিতায় সোমবার (১৩ এপ্রিল) সকাল ১১টায় শিবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এবং সকাল ১১টা ৩০ মিনিটে মোকামতলা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে পৃথক আয়োজনে এই কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাননীয় প্রতিমন্ত্রী জনাব মীর শাহে আলম এমপি।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, বিএনপি উদারপন্হী রাজনৈতিক দল। মানুষের সেবাই বিএনপির রাজনীতি। অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পারাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
এসময় তিনি আরো বলেন, নির্বাচনের আগে দেয়া প্রতিটি ওয়াদা এক এক করে পূরণে পদক্ষেপ নিচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।
এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, গাক চক্ষু হাসপাতালের পরিচালক ডা. এইচ.এস.এম রেজাউন্নবী মন্ডল, গাক-এর সিনিয়র পরিচালক ডা: মাহবুব আলম, মীর শাহে আলম ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মীর শাকরুল আলম সীমান্ত, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এসএম তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল ওহাব, পৌর বিএনপির সভাপতি বুলবুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল করিম ও উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান প্রমূখ।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
