

বগুড়া সংবাদ : নানা আয়োজনের মধ্য দিয়ে বগুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়েছে। বিদসটি উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) বেলা ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে বগুড়া শহীদ টিটু মিলনায়তে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।
জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গণতন্ত্রের প্রবর্তক হিসেবে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বাকশাল মুক্ত দেশ গঠনে তিনি ভূমিকা রেখেছেন। দুর্ভিক্ষ থেকে শুরু করে দেশের সংকটকালীন মুহুর্তে শহীদ জিয়া দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে বিপ্লবী চেতনায় এগিয়ে নিয়েছিলেন। স্বাধীনতা ও স্বার্বভৌমত্ব রক্ষায় জিয়ার ভূমিকা অপরিসীম।
তিনি আরও বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। সব ভেদাভেদ ভুলে দেশ ও মানুষের কল্যাণে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। গণতন্ত্র, মানুষের অধিকার এবং জাতীয় স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ থাকতে হবে। ৭ নভেম্বরের চেতনা ধারণ করে একটি সমৃদ্ধ, শান্তিপূর্ণ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
রেজাউল করিম বাদশা বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। এ দিন সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লব ও সংহতির মধ্য দিয়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্যের নতুন অধ্যায় সূচিত হয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর দেশপ্রেম, নেতৃত্ব ও সাহসিকতা থেকে নতুন প্রজন্মকে শিক্ষা নিতে হবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন, বগুড়া সিটি করপোরেশন প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ। এসময় আরও বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বগুড়া জেলা শাখার আহ্বায়ক ইঞ্জিঃ এস এম মাহমুদ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ বগুড়া জেলা কমান্ডের আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা আব্দুল কাদের প্রমুখ। অনুষ্ঠানে মুখ্য আলোচকের বক্তব্য রাখেন বগুড়া সরকারি মজিবর রহমান ভান্ডারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বেল্লাল হোসেন। আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।
এরআগে সরকারের বিশেষ কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বগুড়া সিটি কর্পোরেশনের আয়োজনে ময়লা-আবর্জনা পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এদিন বগুড়া প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন বগুড়ার যৌথ উদ্যোগে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানুর সভাপতিত্বে ও সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদের সংঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা। এসময় আরও বক্তব্য রাখেন বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস, সিনিয়র সাংবাদিক মির্জা সেলিম রেজা, মীর সাজ্জাদ হোসেন সন্তোষ, মহসিন আলী রাজু, আব্দুর রহিম বগরা, বগুড়া প্রেসক্লাবের সহ-সভাপতি রাহাত রিটু প্রমুখ। এছাড়া এদিন বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে প্রীতি ফুটবল ম্যাচ ও বিকেল ৫টায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে বগুড়া সিটি কর্পোরেশনের আয়োজনে সিটি মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা