

বগুড়া সংবাদ : জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শনিবার সকালে বগুড়া প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন বগুড়ার আয়োজনে প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাধারন সম্পাদক এস এম আবু সাঈদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। সভায় আরো বক্তব্য রাখেন বগুড়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক কালাম আজাদ, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গনেশ দাস, বিএফইউজের নির্বাহী সদস্য মির্জা সেলিম রেজা, সাংবাদিক নেতা রাহাত রিটু, মীর সাজ্জাদ আলী সন্তোষ, আব্দুর রহিম বগরা, মহসিন আলী রাজু, সবুর শাহ লোটাস, আমিনুর রহমান মোহন, আব্দুল ওয়াদুদ, সাইফুল ইসলাম, জহুরুল ইসলাম, প্রতিক ওমর, টিএম মামুন, মাহফুজ মন্ডল, আব্দুস সালাম, আব্দুর রহিম, শাব্বির হাসান ফজলুল হক, মামুনুর রশিদ মামুন, স্মৃতি সঞ্চায়িতা অর্থি, সাদিকুর রহমান লিটন প্রমুখ।
প্রধান অতিথি রেজাউল করিম বাদশা বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের এই দিনে দেশের সিপাহি-জনতা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের বিরুদ্ধে সকল চক্রান্ত রুখে দিয়েছিল। যারা বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করে রাখতে চেয়েছিল, যারা জনগণের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার হরণ করে দেশে একদলীয় স্বৈরাচারী শাসন কায়েম করতে চেয়েছিল, যারা দেশের সাহস এবং সম্মানের প্রতীক সেনাবাহিনীর গৌরবকে ভূলুণ্ঠিত করতে চেয়েছিল, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের এই দিনে দেশপ্রেমিক সিপাহি জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে তাদের পরাজয় ঘটেছে। হাজারো শহিদের আত্মত্যাগের মধ্য দিয়ে, বীর ছাত্র জনতার রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানে দীর্ঘ দেড় দশকের বেশি সময় পর অবশেষে দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। ভবিষ্যতে আর কেউ যাতে দেশ এবং জনগণের অধিকার হরণ করতে না পারে, দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে, এটিই হোক আমাদের এবারের ৭ নভেম্বরের প্রধান অঙ্গীকার। এ অঙ্গীকার বাস্তবায়নে সকলের এক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।
ক্যাপশন: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শনিবার সকালে বগুড়া প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন বগুড়ার আয়োজনে প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা