সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় দুই শিশুকে ধর্ষণ মামলায় ৬০ বছরের কারাদণ্ড

বগুড়া  সংবাদ : বগুড়ায় ছয় বছর বয়সী দুই শিশুকে ধর্ষণের মামলায় নুর ইসলামকে (৪০) ৩০ বছর করে মোট ৬০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় বগুড়ার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মারুফ হোসেন এই রায় ঘোষণা করেন। একই সঙ্গে আসামিকে দুটি মামলায় ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা ভুক্তভোগী দুই শিশুকে দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।
দণ্ডপ্রাপ্ত নুর ইসলাম কাহালু উপজেলার পাইকড় ইউনিয়নের আড়োলা আবাসন প্রকল্পের বাসিন্দা। তিনি ওই এলাকার মৃত হবিবর রহমানের ছেলে। রায় ঘোষণার সময় আসামিকে আদালতে হাজির করা হয়।
জানা যায়, ২০২৫ সালের ১২ মার্চ কাহালু উপজেলার আড়োলা আবাসন প্রকল্পে নিজ ঘরে ডেকে এনে ছয় বছর বয়সী দুই শিশুকে খাবারের লোভ ও টাকার প্রলোভন দেখিয়ে পাশবিক নির্যাতন চালান নুর ইসলাম। ঘটনাটি কাউকে জানালে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়। ঘটনার পরদিন এক শিশু জ্বরে আক্রান্ত হয় এবং অন্য শিশুর তীব্র রক্তক্ষরণ শুরু হলে পরিবারের স্বজনেরা বিষয়টি জানতে পারেন। এ ঘটনায় ভুক্তভোগী এক শিশুর মা বাদী হয়ে কাহালু থানায় মামলা করেন। পুলিশ ভুক্তভোগী শিশু দুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) যৌথ অভিযানে আসামী নুর ইসলামকে গ্রেপ্তার করে। মামলার তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। রাষ্ট্রপক্ষ আদালতে মোট ১০ জন সাক্ষী উপস্থাপন করে। সাক্ষ্য-প্রমাণ ও ভুক্তভোগীদের ডাক্তারি পরীক্ষার প্রতিবেদন পর্যালোচনা শেষে আদালত এই রায় দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট মো. আব্দুল মান্নান জানান, আদালত সার্বিক বিষয় ও প্রমাণ বিবেচনা করে আসামীকে দুটি পৃথক সাজায় ৩০ বছর করে মোট ৬০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। আইন অনুযায়ী একটি সাজাভোগের পর অপর সাজা শুরু হবে। আদালতের নির্দেশ অনুযায়ী জরিমানার ১ লাখ টাকা আদায় করে ভুক্তভোগী শিশুদের পরিবারকে প্রদান করা হবে। রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছে ভুক্তভোগী পরিবার।

Check Also

বগুড়ায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার রহমাননগর শাখা সমূহের বার্ষিক পুরস্কার বিতরণ

বগুড়া সংবাদ  : শিক্ষার্থীদের মেধা, কৃতিত্ব ও সৃজনশীলতাকে উৎসাহিত করতে বগুড়ায় তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন পরিচালিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *