

বগুড়া সংবাদ : বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার ঐতিহ্যবাহী নারী শিক্ষার অন্যতম বিদ্যাপীঠ তালাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মো. নূর ইসলামের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয় পরিচালনা কমিটি ও শিক্ষকদের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মরাজুল ইসলাম হাসান মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা সঞ্চালনা করেন শিক্ষক শেখ সুজাব উদ্দীন সাজু ও রকিবুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খান।
এ সময় বক্তব্য দেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নূর হক আলী, প্রাক্তন অধ্যক্ষ আবু বকর সিদ্দিক, প্রধান শিক্ষক মাহমুদুর রশিদ, আব্দুল খালেক, প্রাক্তন প্রধান শিক্ষক সামছুল ইসলাম টুটুল, সহকারী প্রধান শিক্ষক খন্দকার সালাহউদ্দিন আহম্মদ, জামায়াত নেতা আরিফুল হক, সোনালী ব্যাংক পিএলসি তালাড়া শাখার ব্যবস্থাপক মঞ্জুরুল আলম মিঠু, বিদ্যালয়ের শিক্ষক নজরুল বারী, শিক্ষিকা নুরুনাহার, শিক্ষার্থী উম্মে শবনম সালমা নাইস, আয়শা সিদ্দিকাসহ অনেকে।
দীর্ঘ কর্মজীবন সফলভাবে শেষ করে অবসর নেওয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও পরিচালনা কমিটির পক্ষ থেকে তাঁকে ফুলের তোড়া, ক্রেস্ট ও বিভিন্ন উপহারসামগ্রী দিয়ে সম্মাননা জানানো হয়।
বক্তারা বলেন, প্রধান শিক্ষক নূর ইসলাম তালাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর সুদক্ষ নেতৃত্ব, কঠোর পরিশ্রম ও আন্তরিকতার ফলে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নসহ বিভিন্ন কার্যক্রম প্রশংসিত হয়েছে। তাঁর শূন্যতা বিদ্যালয় পরিবার দীর্ঘদিন অনুভব করবে।
বিদায়ী প্রধান শিক্ষক আলহাজ্ব মো. নূর ইসলাম তাঁর বক্তব্যে দীর্ঘ কর্মজীবনের বিভিন্ন স্মৃতি তুলে ধরেন। তিনি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থী ও পরিচালনা কমিটির সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বিদ্যালয়ের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
এদিন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নূর হক আলীর কাছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্বভার অর্পণ করা হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা