সর্বশেষ সংবাদ ::

বগুড়ার মাটি থেকে জাতীয় পর্যায়ের অনেক প্রতিভাবান খেলোয়াড় উঠে এসেছেন-মীর শাহে আলম

বগুড়া সংবাদ  : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেছেন, বগুড়ার মাটি থেকে জাতীয় পর্যায়ের অনেক প্রতিভাবান খেলোয়াড় উঠে এসেছেন। এই ঐতিহ্য ধরে রাখতে হবে। সারা বছর খেলাধুলা চালু রাখতে আগামী সেপ্টেম্বরের ৯ থেকে ১১ তারিখের মধ্যে জাতীয়ভাবে স্কুল, কলেজ ও মাদ্রাসার টুর্নামেন্ট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেন, বগুড়ার ১৩টি উপজেলায় ১৩টি মিনি স্টেডিয়াম এবং তিনমাথা রেলস্টেশনের পাশে ৬০ বিঘা জমির ওপর ১২০ কোটি টাকা ব্যয়ে আরাফাত রহমান কোকো ন্যাশনাল প্যারা স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে। এছাড়া জেলার ১১৫টি ইউনিয়নে সরকারিভাবে খেলার মাঠ প্রস্তুত করে দেওয়া হবে।
শনিবার (২২ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় বগুড়ার শহীদ চাঁন্দু স্টেডিয়াম সংলগ্ন ফুটবল মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এই টুর্নামেন্টে বগুড়ার ১৩ টি উপজেলা ও নবসৃষ্ট সিটি কর্পোরেশন মিলিয়ে মোট ১৪ টি দল খেলায় অংশগ্রহণ করেছে।
প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, প্রধানমন্ত্রীর স্বপ্নের তারুণ্যনির্ভর, সমৃদ্ধ ও মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে খেলাধুলাকে প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহারের করতে হবে। তরুণদের মেধা ও প্রতিভার বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। পাঠ্যপুস্তকে ক্রীড়াকে অন্তর্ভুক্ত করার পাশাপাশি খেলোয়াড়দের জন্য অবসরকালীন সরকারি ভাতার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম, সংরক্ষিত নারী সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এমআর ইসলাম স্বাধীন এবং জেলা পরিষদের প্রশাসক আহসানুল তৈয়ব জাকির প্রমুখ।
উদ্বোধনী আয়োজনে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, ক্রীড়া সংগঠক ও খেলোয়াড়দের পাশাপাশি অন্তত ১৫ হাজার ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় অংশ নেয় সারিয়াকান্দি উপজেলা দল ও দুপচাঁচিয়া উপজেলা দল।

 

Check Also

অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে উপ-পরিদর্শক (এএসআই) আনিস আলীকে পুলিশ লাইনে প্রত্যাহার

বগুড়া সংবাদ  : বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে প্রবাসীর স্ত্রীর সঙ্গে এক পুলিশ সদস্যের অনৈতিক কর্মকাণ্ডের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *