সর্বশেষ সংবাদ ::

বিশ্ব আলোকচিত্র দিবসে বগুড়া ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

বগুড়া সংবাদ : বিশ্ব আলোকচিত্র দিবস উপলক্ষে বগুড়ায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ আগস্ট) বেলা সাড়ে ১০টার দিকে বগুড়া ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে সকালে বগুড়া প্রেসক্লাব চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়। র‌্যালিতে বগুড়ার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, ফটো সাংবাদিক ও রাজনৈতিক ব্যাক্তিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
পরে বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বগুড়া ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মো. শফিকুল ইসলাম শফিকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বগুড়া সিটি প্রশাসক এম আর ইসলাম স্বাধীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, দৈনিক করতোয়া’র সম্পাদক মোজাম্মেল হক লালু, বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক কালাম আজাদ এবং জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম।
প্রধান অতিথির বক্তব্যে বগুড়া সিটি প্রশাসক এম আর ইসলাম স্বাধীন বলেন, আলোকচিত্রের মাধ্যমে একটি সময়ের ইতিহাস ও সমাজের বাস্তব চিত্র ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরা সম্ভব। একজন ফটোসাংবাদিককে সবসময় সত্য, ন্যায় ও বস্তুনিষ্ঠতার প্রতি দায়বদ্ধ থেকে কাজ করতে হবে। প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে ফটোসাংবাদিকদের দক্ষতা বাড়ানোর পাশাপাশি পেশাগত মান ও নৈতিকতা ধরে রাখার ওপরও গুরুত্ব দেন তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ বলেন, একজন ফটোসাংবাদিকের ক্যামেরায় ধারণ করা একটি ছবি অনেক সময় একটি ঘটনার পূর্ণাঙ্গ বাস্তবতা মানুষের সামনে তুলে ধরতে পারে। দায়িত্বশীল ফটোসাংবাদিকতা সমাজে ইতিবাচক ভূমিকা রাখার পাশাপাশি অপরাধ, অনিয়ম ও অসঙ্গতি তুলে ধরতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সংবাদ সংগ্রহ ও ছবি ধারণের ক্ষেত্রে পেশাগত দায়িত্বশীলতা, নিরপেক্ষতা ও মানবিক মূল্যবোধ বজায় রাখার আহ্বান জানান তিনি।
দৈনিক করতোয়া’র সম্পাদক মোজাম্মেল হক লালু বলেন, সংবাদপত্রে ছবির গুরুত্ব অপরিসীম। একটি ভালো ছবি পাঠকের দৃষ্টি আকর্ষণের পাশাপাশি সংবাদের বাস্তবতাও বহুগুণ বাড়িয়ে দেয়। বর্তমান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্মে ছবি দ্রুত ছড়িয়ে পড়ায় ফটোসাংবাদিকদের আরও বেশি সতর্ক ও দায়িত্বশীল হতে হবে।
বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক কালাম আজাদ বলেন, ফটোসাংবাদিকরা ঝুঁকি নিয়ে ঘটনাস্থলে গিয়ে মানুষের সামনে সত্য তুলে ধরেন। সাংবাদিকতার এই গুরুত্বপূর্ণ শাখাকে আরও সমৃদ্ধ করতে প্রশিক্ষণ, পেশাগত নিরাপত্তা ও পারস্পরিক সহযোগিতা বাড়ানো প্রয়োজন।
সভায় বক্তারা আরও বলেন, আলোকচিত্র শুধু ছবি ধারণের মাধ্যম নয়; এটি ইতিহাস, সমাজ ও সময়কে সংরক্ষণের অন্যতম শক্তিশালী দলিল। একজন দক্ষ ফটোসাংবাদিক তার ক্যামেরার মাধ্যমে একটি ঘটনা, মানুষের জীবন-সংগ্রাম কিংবা সমাজের বাস্তব চিত্র এমনভাবে তুলে ধরেন। যা অনেক সময় হাজার শব্দেও প্রকাশ করা সম্ভব হয় না। তাই বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার ক্ষেত্রে ফটোসাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হারুন উর রশিদ সুজন, শহর যুবদলের সভাপতি আহসান হাবিব মমি, সাধারণ সম্পাদক আদিল শাহরিয়ার গর্কি, সদর উপজেলা যুবদলের সভাপতি শ্রী অতুল চন্দ্র দাস, বগুড়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, বগুড়া ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন পল্লব, সাবেক সাধারণ সম্পাদক কাউছার উল্লাহ আরিফ, কোষাধ্যক্ষ মামুনুর রশিদ মামুন, সদস্য আবুল কালাম আজাদ ঠান্ডা, মহিত উল আলম মিলন, সিরাজুল ইসলাম সিরাজ, এটিএম সাদিকুর রহমান লিটন, গোলজার হোসেন মিঠুসহ সংগঠনের অন্যান্য সদস্য।
এছাড়াও বগুড়ার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অনুষ্ঠানে অংশ নেন। বক্তারা বিশ্ব আলোকচিত্র দিবসে ফটোসাংবাদিকদের পেশাগত মর্যাদা, নিরাপত্তা ও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদচিত্র তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মো. শফিকুল ইসলাম শফিকের নিজ উদ্যোগে প্রধানমন্ত্রী তারেক রহমানের ফটো এ্যালবাম অতিথিদের হাতে তুলে দেওয়া হয়।

Check Also

ধুনটে একাধিক মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

বগুড়া সংবাদ : বগুড়ার ধুনটে বিস্ফোরক আইনের দায়েরকৃত একাধিক মামলায় আমিনুল ইসলাম রানা (৪৭) নামে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *