

বগুড়া সংবাদ : বগুড়ার ধুনটে বিস্ফোরক আইনের দায়েরকৃত একাধিক মামলায় আমিনুল ইসলাম রানা (৪৭) নামে এক আওয়ামীলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে ধুনট থানা পুলিশ অভিযান চালিয়ে গোসাইবাড়ী সাতমাথা মোড় থেকে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আওয়ামীলীগ নেতা আমিনুল ইসলাম রানা গোসাইবাড়ী ইউনিয়নের চিথুলিয়া গ্রামের ইসলাইল হোসেনের ছেলে এবং তিনি গোসাইবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন।
মামলাসূত্রে জানা যায়, ২০১৮ সালের ১১ ডিসেম্বর বিএনপির সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজের গাড়িবহরে হামলা, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় ২০২৪ সালে আওয়ামীলীগ নেতা রানার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এছাড়া ২০২২ সালের ৩০ মে শহরের আরাফাত হোটেলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য আয়োজিত দোয়া মাহফিলে হামলা, মারধর ও ব্যানারে অগ্নিসংযোগের ঘটনায় তার বিরুদ্ধে আরো একটি মামলা দায়ের হয়। তাছাড়া ২০২৩ সালের ৭ জুন সন্ধ্যায় ধুনট পৌর এলাকার বিএনপির দলীয় কার্যালয়ে কর্মীসভা চলাকালে ককটেল বিস্ফোরণ, নেতাকর্মীদের মারধর এবং কার্যালয়ের চেয়ার-টেবিল ভাঙচুরের ঘটনায় দায়েরকৃত মামলাতেও আওয়ামীলীগ নেতা আমিনুল ইসলাম রানাকে আসামি করা হয়।
তবে এর আগে ২০২৫ সালের ১০ ডিসেম্বর আমিনুল ইসলাম রানাকে তিনটি মামলার আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছিল।
এবিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম বলেন, মামলার তদন্তে আমিনুল ইসলাম রানার সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার গ্রেপ্তারকৃত আসামীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা