

বগুড়া সংবাদ : বগুড়ায় বেকারি অ্যান্ড কনফেকশনারি শ্রমিক নূর মোহাম্মাদ রাঙ্গার গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ জুলাই) বেলা ১২ টায় মহানগরের সাতমাথায় এ কর্মসূচির আয়োজন করে বগুড়া জেলা জাতীয়তাবাদী হোটেল-রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়ন (রেজি. নং রাজ: ২৪৪৫) এবং বগুড়া জেলা জাতীয়তাবাদী অটোরিকশা-ভ্যান শ্রমিক দল (রেজি. নং রাজ: ২১৪৫)।
মানববন্ধনে সভাপতিত্ব করেন বগুড়া জেলা জাতীয়তাবাদী অটোরিকশা-ভ্যান শ্রমিক দলের সভাপতি জালাল উদ্দিন প্রামাণিক। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক বিএম বকুল মোল্লা।
এতে বক্তব্য দেন বগুড়া জেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি ও বগুড়া জেলা বিএনপির সদস্য সোহরাব হোসেন লাইজু, বগুড়া জেলা লেদ শ্রমিক ইউনিয়নের সভাপতি লিটন শেখ বাঘা, জাতীয়তাবাদী হোটেল-রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সাদেক আলী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জিয়া, জাতীয়তাবাদী দোকান ও বাণিজ্যিক প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়নের সভাপতি সোহেল সরকার এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শেখ।
এছাড়াও উপস্থিত ছিলেন হোটেল শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি শাহ আলম খোকন, পৌরসভার
শ্রমিক নেতা আলামিন হোসেন, জনাব আলী, রুস্তম আলী, সুমন তালুকদার, আমিনুর ইসলাম, আবুল কালাম আজাদ, আইয়ুব আলী, আপেল, নজরুল ইসলাম, সেলিম লস্কর, কামরুল ইসলামসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা।
বক্তারা অভিযোগ করেন, নূর মোহাম্মাদ রাঙ্গা একজন অবৈধ শ্রমিক নেতা এবং তিনি ১৪-দলীয় জাসদ ও আওয়ামী লীগের দোসর হিসেবে বিভিন্ন অনিয়ম ও শ্রমিকদের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত। তারা দাবি করেন রাঙ্গা বাহিনী সাতমাথায় তাদের কার্যালয়ে পরপর দুই দফা হামলা চালিয়েছে। এর প্রতিবাদে এবং ২৪ ঘণ্টার মধ্যে রাঙ্গাকে গ্রেফতারের দাবিতে এ মানববন্ধনের আয়োজন করা হয়েছে।
মানববন্ধনে বক্তারা নূর মোহাম্মাদ রাঙ্গার বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তাকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানান। একই সঙ্গে দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা