সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় শুরু হলো ৭ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬

বগুড়া সংবাদ  : পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং টেকসই আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্য নিয়ে বগুড়ায় শুরু হয়েছে ৭ দিনব্যাপী ‘বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬’।

সোমবার (২১ জুলাই) সকাল ১০টায় শহরের শহীদ টিটু মিলনায়তনে আয়োজিত সুধী সমাবেশে বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমানের সভাপতিত্বে মেলা ও বৃক্ষরোপণ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়া জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ যৌথভাবে ২১ থেকে ২৭ জুলাই পর্যন্ত এ কর্মসূচির আয়োজন করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান বলেন, পরিবেশ রক্ষা, অক্সিজেনের ঘাটতি পূরণ এবং বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের মাত্রা কমাতে সবাইকে বেশি বেশি গাছ লাগাতে হবে। তিনি জানান, আগামী পাঁচ বছরে দেশে ২৫ কোটি বৃক্ষরোপণের সরকারি লক্ষ্যমাত্রা বাস্তবায়নে প্রতিটি নাগরিক, বিশেষ করে শিশুদের অন্তত একটি করে গাছ লাগানো ও পরিচর্যার দায়িত্ব নেওয়া উচিত।
তিনি আরও বলেন, একটি গাছ কাটলে তার পরিবর্তে অন্তত দুটি গাছ রোপণ করা প্রয়োজন। চলতি বর্ষা মৌসুমে ফলদ, বনজ ও ঔষধি গাছ লাগিয়ে পরিবেশ সংরক্ষণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রাজিয়া সুলতানা, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. মতলুবুর রহমান, জেলা সিভিল সার্জন ডা. মো. খুরশীদ আলম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সোহেল মো. শামসুদ্দীন ফিরোজ এবং বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন।
এ সময় বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন পরিবেশ সচেতনতা বিষয়ে উপস্থিত শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্ন করেন। সঠিক উত্তর দেওয়া আটজন শিক্ষার্থীর হাতে নগদ অর্থ পুরস্কার তুলে দেন তিনি।
আয়োজক সূত্রে জানা গেছে, এবারের বৃক্ষমেলায় স্থানীয় ও আঞ্চলিক বিভিন্ন নার্সারির ৩৯টি স্টল অংশ নিয়েছে। মেলায় বিভিন্ন জাতের প্রায় দেড় লাখ ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে। ফলে স্বল্প খরচে ছাদবাগান, পারিবারিক বনায়ন কিংবা ব্যক্তিগত উদ্যোগে বৃক্ষরোপণের জন্য প্রয়োজনীয় চারা সংগ্রহের সুযোগ পাচ্ছেন দর্শনার্থীরা।

Check Also

বগুড়ায় সাজেদা সামাদ এমপি ক্রীড়া সামগ্রী বিতরণ

বগুড়া সংবাদ  :  সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সাজেদা সামাদের পক্ষ থেকে রবিবার দুপুরে বগুড়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *