
বগুড়া সংবাদ : বগুড়ার দুপচাঁচিয়ায় জমিজমা নিয়ে বিরোধের জের ধরে ছোট ছেলের ভাড়াটিয়া সন্ত্রাসীদের হামলায় মা-বাবা ও বড় ছেলে গুরুতর আহত হয়েছেন। মাথায় প্রচন্ড আঘাতে রক্তক্ষরণের কারনে ঘটনার পর থেকে বড় ছেলে অজ্ঞান অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানাগেছে, দুপচাঁচিয়া উপজেলার ভেলুরচক গ্রামের বাসিন্দা রফিক আকন্দ (৬৮) এর বড় ছেলে সম্রাট আকন্দ এবং আব্দুল করিম আকন্দের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১২টার দিকে উভয় পক্ষের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ছোট ভাই আব্দুল করিম ২০-২৫জন ভাড়াটে সন্ত্রাসী নিয়ে বড় ভাই সম্রাট আকন্দের (৪১) ওপর হামলা করে। হামলায় মাথায় প্রচন্ড আঘাত পেয়ে ঘটনাস্থলেই জ্ঞান হারান সম্রাট আকন্দ। ছেলেকে বাঁচাতে বাবা রফিক আকন্দ (৬৮) এবং মা জোসনা বেগম (৬২) এগিয়ে গেলে তাদেরকেও বেদম মারপিট করা হয়। তাদের চিৎকারে প্রতিবেশি লোকজন ছুটে এসে ধাওয়া দিলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ৩জনকে উদ্ধার করে প্রথমে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে সেখান থেকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
গুরুতর আহত সম্রাটের স্ত্রী খাদিজা বেগম অভিযোগ জানান, হামলার সময় স্বামী ও শ্বশুর-শাশুড়ীকে বাঁচাতে এগিয়ে গেলে তাকেও মারতে উদ্যত হয় সন্ত্রাসীরা। মোবাইলে হামলার ছবি তোলার সময় সন্ত্রাসীরা তার মোবাইল ফোন ছিনিয়ে নেয়। তিনি অভিযোগ করেন, করিম আকন্দের ছোট ভাই কবির আকন্দ বড় ভাই ও মা-বাবাকে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসীদের ভাড়া করে এনে হামলা করেছে। হামলার পর থেকে তার স্বামী অজ্ঞান রয়েছেন বলে তিনি জানান।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা