

বগুড়া সংবাদ : বগুড়ার কলোনী বাজার এলাকার লতিফপুরে অনুমোদনহীনভাবে নকল প্রসাধনী, আয়ুর্বেদিক পণ্য ও ব্যথানাশক তেল তৈরি এবং অনলাইন পেইজের মাধ্যমে বিক্রির অভিযোগে অভিযান চালিয়ে দুই লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার (২৪ মে) সকাল ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে লতিফপুরের মন্ডল হাউজের তৃতীয় তলায় পরিচালিত একটি প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনাকালে দেখা যায়, ফিরোজ কবির নামের এক ব্যক্তি কোনো ধরনের সরকারি বা প্রাতিষ্ঠানিক অনুমোদন ছাড়াই “ভরসা বাজার”, “নর্থ ফুড” ও “আশ-শিফা” নামে তিনটি অনলাইন পেইজ পরিচালনা করে আসছেন। এসব পেইজের মাধ্যমে বিভিন্ন ধরনের ক্রিম, কসমেটিকস, আয়ুর্বেদিক ওষুধ, লিপবামসহ নানা স্পর্শকাতর পণ্য তৈরি ও বাজারজাত করা হচ্ছিল।
ভোক্তা অধিদপ্তর জানায়, প্রতিষ্ঠানটি জনপ্রিয় ব্র্যান্ড “আশ-শিফা”র ব্যথানাশক তেলের নকল সংস্করণ “আশ-শিফা প্লাস” নামে উৎপাদন ও বিক্রি করছিল। তবে এসব পণ্য তৈরির জন্য প্রতিষ্ঠানটির কোনো বিএসটিআই অনুমোদন বা ঔষধ প্রশাসন অধিদপ্তরের নিবন্ধন ছিল না।
এছাড়াও স্থানীয় বাজার থেকে বিভিন্ন ধরনের ক্রিম সংগ্রহ করে নিজস্ব লেবেল লাগিয়ে সেগুলোকে অথেনটিক পণ্য হিসেবে বিক্রি করে ভোক্তাদের সঙ্গে প্রতারণার অভিযোগ পাওয়া যায়।
এসব অপরাধের প্রাথমিক সত্যতা ও সংশ্লিষ্টদের স্বীকারোক্তির ভিত্তিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে নকল “আশ-শিফা” ব্র্যান্ডের তেল জব্দ করে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়। পাশাপাশি প্রয়োজনীয় সরকারি অনুমোদন গ্রহণ সাপেক্ষে ব্যবসা পরিচালনার নির্দেশনা দেওয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান। এ সময় কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেছা ফৌজিয়া উপস্থিত ছিলেন।
অভিযানে সার্বিক সহযোগিতা করে র্যাব-১২ এবং জেলা পুলিশের দুটি টিম।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা