সর্বশেষ সংবাদ ::

দীর্ঘ অপেক্ষার অবসান, গেজেট প্রকাশ বগুড়া সিটি করপোরেশনের

বগুড়া সংবাদ : উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিত বগুড়া অবশেষে সিটি করপোরেশন হিসেবে আত্মপ্রকাশ করেছে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার (১৪ মে) এ সংক্রান্ত সরকারি গেজেট প্রকাশ করা হয়েছে।
স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯-এর ধারা ৩-এর উপধারা (৩) অনুযায়ী বর্তমান বগুড়া পৌরসভা এবং এর সঙ্গে সম্প্রসারিত ও পার্শ্ববর্তী এলাকাগুলোর সমন্বয়ে নতুন এই সিটি করপোরেশন গঠন করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান স্বাক্ষরিত গেজেটে নতুন সিটি করপোরেশনের সীমানা ও প্রশাসনিক কাঠামো নির্ধারণ করা হয়। নবগঠিত বগুড়া সিটি করপোরেশনে মোট ২১টি ওয়ার্ড রাখা হয়েছে। এতে বর্তমান পৌরসভার পাশাপাশি সদর উপজেলা ও শাজাহানপুর উপজেলার বিভিন্ন মৌজা অন্তর্ভুক্ত করা হয়েছে।
নতুন সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত গুরুত্বপূর্ণ এলাকাগুলোর মধ্যে রয়েছে ফুলবাড়ী, নিশিন্দারা, কাটনারপাড়া, সুত্রাপুর, চকবৃন্দাবন, মালগ্রাম, ঠনঠনিয়া, গাড়ামাড়া, মালতীনগর, লতিফপুর এবং শাজাহানপুর উপজেলার ফুলদিঘী ও বেতগাড়ী।
এর আগে সম্প্রসারিত এলাকাগুলো নিয়ে গণবিজ্ঞপ্তি জারি ও স্থানীয়দের মতামত আহ্বানের নির্দেশ দেওয়া হয়েছিল। স্থানীয় জনগণের মতামত ও প্রশাসনিক প্রতিবেদনের ভিত্তিতেই সরকার এই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে।
স্থানীয় বাসিন্দাদের প্রত্যাশা, বগুড়া সিটি করপোরেশন হওয়ায় এখন উন্নত সড়ক যোগাযোগ, পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, নাগরিক সেবা সম্প্রসারণ এবং অবকাঠামোগত উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি হবে।

Check Also

বগুড়ায় প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : বগুড়ায় ঈদুল আজহা উদযাপন উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ক্রীড়া পরিদপ্তর, যুব …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *