বগুড়া সংবাদ : বগুড়ায় চিকিৎসা নিতে আসা এক এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে হাকিম রেজাউল করিম (৪০) নামে এক কবিরাজকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৫ মে) সন্ধ্যায় শহরের নামাজগড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত রেজাউল করিম নামাজগড় এলাকায় ভান্ডারী মসজিদসংলগ্ন ‘আশ-সিফা দাওয়া খানা’ নামে একটি প্রতিষ্ঠানে কবিরাজি ও ঝাড়ফুঁকের মাধ্যমে চিকিৎসা দিতেন। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবার বগুড়া সদর থানায় মামলা দায়ের করেছে।
জানা যায়, অভিযুক্ত কবিরাজ কিশোরীর ওপর ‘জ্বীনের আছর’ রয়েছে দাবি করে ঝাড়ফুঁকের কথা বলেন। একপর্যায়ে তিনি কিশোরীকে আলাদা একটি কক্ষে নিয়ে দরজা বন্ধ করে দেন এবং অন্যদের বাইরে যেতে বলেন। পরে চিকিৎসার কথা বলে ওই কিশোরীকে ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে।
ভুক্তভোগীর বাবার অভিযোগ, তার মেয়ে রাজশাহীর একটি কওমি মহিলা মাদ্রাসায় দাখিল (এসএসসি সমমান) শ্রেণিতে অধ্যয়নরত। দীর্ঘদিন ধরে মাথাব্যথায় ভোগার কারণে বিভিন্ন চিকিৎসকের কাছে নেওয়া হলেও উন্নতি না হওয়ায় পরিচিত এক ব্যক্তির পরামর্শে গত ৩ মে সকালে তাকে ওই দাওয়া খানায় নিয়ে যাওয়া হয়।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহীম আলী জানান, ঘটনার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা সম্পন্নের প্রক্রিয়া চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
