

বগুড়া সংবাদ : বগুড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সমবায় পণ্য মেলার আয়োজন করা হয়।
রবিবার (৮ নভেম্বর) জেলা প্রশাসন ও সমবায় বিভাগ বগুড়ার আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ ‘করতোয়া’য় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. রেজাউল করিম বাদশা।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সমবায় হচ্ছে সম্মিলিত উদ্যোগ ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নের একটি কার্যকর মাধ্যম। দেশের সাধারণ মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য বিমোচনে সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সমবায় আন্দোলনকে আরও শক্তিশালী করতে হলে স্বচ্ছতা, জবাবদিহি ও সদস্যদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আসাদুজ্জামান এবং বগুড়া সমবায় ব্যাংক লিমিটেডের সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি এইচ. এস. মাফতুন আহম্মেদ খান রুবেল।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ সমবায় পণ্য মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং সমবায়ীদের উৎপাদিত পণ্য ও কার্যক্রম ঘুরে দেখেন।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা