
বগুড়া সংবাদ :অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ফুচকা এবং চটপটি তৈরির দায়ে এক কারখানাকে এক লাখ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা সাড়ে ১১টায় বগুড়া শহরের মালতিনগর এলাকায় অবস্থিত ভাই বোন ফুচকার কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, ফুচকা তৈরির টেবিলের পাশেই পাতা ইঁদুর ধরার ফাঁদ। তার ঠিক মাথার ওপর কবুতরের খাঁচা। সেই খাঁচা থেকে কবুতরের বিষ্ঠা ও পাখনার ময়লা এসে পড়ছে প্রস্তুতকৃত খাবারে। চকচকে এসি আউটলেটের আড়ালে জনপ্রিয় ভাই বোন ফুচকার কারখানায় দেখা মিলেছে এমন ভয়াবহ নোংরা চিত্র। শহরে ভাই বোন ফুচকার আকর্ষণীয় আউটলেট থাকলেও মূল কারখানার পরিবেশ চরম অস্বাস্থ্যকর। খাবারে ইঁদুর ও কবুতরের বিষ্ঠার উপস্থিতির পাশাপাশি অভিযানে ফুটন্ত গরম টক ফুড-গ্রেডবিহীন প্লাস্টিকের পাত্রে রাখা এবং বেশ কয়েক দিন আগের সেদ্ধ করা পচা ডিম পাওয়ার প্রমাণ মেলে। এছাড়া চটপটি ও ফুচকা তৈরিতে ব্যবহৃত গাজর ও শসার বড় একটি অংশই ছিল পচা ও মানহীন।
অভিযান পরিচালনা করেন বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহজালাল।
তিনি জানান, বাইরের চাকচিক্যের পেছনে কারখানার ভেতরের পরিবেশ ছিল স্বাস্থ্যের। ইঁদুরের উপদ্রব, কবুতরের বিষ্ঠা ও পচা কাঁচামাল দিয়ে খাবার তৈরির অপরাধে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। কারখানা কর্তৃপক্ষ নিজেদের ভুল স্বীকার করে পরিবেশ উন্নত করার জন্য ১২ দিনের সময় চেয়েছে। এই ১২ দিন কারখানাটির সব ধরনের কার্যক্রম সম্পূর্ণ বন্ধ থাকবে। পরবর্তীতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ পরিদর্শনের পর সন্তোষজনক পরিবেশ পেলে পুনরায় চালুর অনুমতি দেওয়া হবে।
বগুড়া জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. রাসেল জানান, নিয়মিত ভেজালবিরোধী মনিটরিংয়ের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। অভিযানে জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা