

বগুড়া সংবাদ : বগুড়ায় করতোয়া নদীতে গোসল করতে নেমে মুহিব হাসান শ্রাবণ (১৯) নামের এক কলেজছাত্র নিখোঁজ হয়েছেন। সোমবার (১০ আগস্ট) দুপুরে সদর উপজেলার ইছাইদহ এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ মুহিব হাসান শ্রাবণ ইছাইদহ এলাকার মামুন প্রামানিকের ছেলে। তিনি জয়নুল আবেদীন কলেজের একাদশ শ্রেণির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
জানা যায়, সোমবার দুপুরে ফুটবল খেলা শেষে ১০ থেকে ১৫ জন বন্ধু মিলে করতোয়া নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে সবার অগোচরে পানিতে তলিয়ে যান মুহিব হাসান শ্রাবণ। তার সাথে থাকা বন্ধুরা অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে স্থানীয়দের খবর দেন। পরে স্থানীয়রা নদীতে নেমে দীর্ঘ সময় ধরে খোঁজাখুঁজি করেও মুহিবের কোনো সন্ধান পাননি। খবর পেয়ে বগুড়া ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তবে দীর্ঘ সময় চেষ্টা চালিয়েও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে নিখোঁজ কলেজছাত্রকে উদ্ধারে রাজশাহী থেকে বিশেষ ডুবুরি দলের সহায়তা চাওয়া হয়। বিকেল ৫টার দিকে রাজশাহীর বিশেষ ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি অভিযান শুরু করে।
বগুড়ার ১৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রাজু হোসেন পাইকার জানান, ফুটবল খেলা শেষে কয়েকজন বন্ধু মিলে করতোয়া নদীতে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে মুহিব পানিতে তলিয়ে নিখোঁজ হন। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও রাজশাহী থেকে আসা বিশেষ ডুবুরি দল তল্লাশি চালাচ্ছে।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা