

বগুড়া সংবাদ: ” জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’ প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ায় বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই ) সকালে শহরের শহীদ টিটু মিলনায়তনে পরিবেশ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয় ও বগুড়া জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান বলেন, পরিবেশ সুরক্ষায় নাগরিক সচেতনতার কোনো বিকল্প নেই। তিনি বলেন, নিজেদের ঘর ও আঙিনা পরিচ্ছন্ন রাখার অভ্যাস গড়ে তুলতে হবে। পাড়া-মহল্লা পরিচ্ছন্ন রাখার মাধ্যমেই শহর, জেলা এবং দেশকে দূষণমুক্ত রাখা সম্ভব।
তিনি বিশ্ব পরিবেশ দিবসের ইতিহাস তুলে ধরে বলেন, ১৯৬৮ সালে সুইডেন সরকারের উদ্যোগে জাতিসংঘে পরিবেশ দূষণ নিয়ে চিঠি পাঠানোর মাধ্যমে বিষয়টি আন্তর্জাতিকভাবে গুরুত্ব পায়। পরবর্তীতে ১৯৭২ সালের স্টকহোম সম্মেলনের ধারাবাহিকতায় ১৯৭৩ সাল থেকে বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়ে আসছে।
জেলা প্রশাসক আরও বলেন, বর্তমান সরকারের আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনা পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে শুধু সরকারি উদ্যোগ নয়, প্রতিটি নাগরিককে নিজ নিজ আঙিনায় অন্তত একটি ফলদ, বনজ বা ঔষধি গাছ লাগানোর আহ্বান জানান তিনি। একটি গাছ মানুষের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেও উল্লেখ করেন।
বিশেষ অতিথির বক্তব্যে বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন বলেন, মানুষের অনিয়ন্ত্রিত ও বিলাসী জীবনযাত্রা, পাহাড় কাটা, নদী-সাগরের স্বাভাবিক গতিপথে বাধা সৃষ্টি এবং যত্রতত্র প্লাস্টিক বর্জ্য ফেলার কারণে প্রকৃতির ভারসাম্য নষ্ট হচ্ছে। এর ফলে ঝড়, বন্যা ও দুর্ভিক্ষের মতো প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বাড়ছে।
তিনি পরিবেশ রক্ষায় প্রতিটি ঘরে গাছ লাগানো, খাল খনন, ড্রেনেজ ব্যবস্থা সচল রাখা এবং যেখানে-সেখানে ময়লা-আবর্জনা না ফেলার জন্য সবার প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক (উপসচিব) নিলুফা ইয়াছমিন এবং বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আসাদুজ্জামান।
আলোচনা সভায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার এবং উপস্থিত সবার মধ্যে গাছের চারা বিতরণ করা হয়।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা