

বগুড়া সংবাদ : আদালতের রায় পাওয়ার পর বৈধভাবে ক্রয়কৃত জমিতে প্রাচীর নির্মাণ করতে গিয়ে হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকির শিকার হওয়ার অভিযোগ করেছেন বগুড়া সদর উপজেলার সুলতানগঞ্জ পাড়ার বাসিন্দা মোছা. অজেকা বেগম। সোমবার( ৬ জুলাই )বগুড়া প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে অজেকা বেগম জানান, বগুড়া সদর উপজেলার নিশিন্দারা মৌজার জে.এল. নং-৮০, সি.এস. খতিয়ান নং-৫০৩, আর.এস. খতিয়ান নং-৮০১, ডি.পি. খতিয়ান নং-১১১০৪, সাবেক দাগ নং-৪৩৭৯ ও হাল দাগ নং-১১১১৮-এর ২ শতক জমি তিনি সুলতানগঞ্জ পাড়ার সোনা মিয়ার কাছ থেকে বৈধভাবে ক্রয় করেন।
তিনি বলেন, উক্ত সম্পত্তি নিয়ে দায়ের হওয়া ৪৪০/১৪ নম্বর বণ্টন মোকদ্দমায় দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে গত ২৭ এপ্রিল ২০২৬ তারিখে বগুড়ার সিনিয়র সিভিল জজ আদালত তার পক্ষে রায় দেন। আদালতের রায়ের পর তিনি জমিতে প্রাচীর নির্মাণের কাজ শুরু করেন।
অভিযোগে তিনি আরও বলেন, গত রোববার বিকেল ৩টার দিকে ১৫ থেকে ২০ জনের একটি মুখোশধারী দল নির্মাণাধীন প্রাচীর ভাঙচুর করে। বাধা দিতে গেলে তারা প্রাণনাশের হুমকি দেয় এবং প্রায় পুরো প্রাচীরটি গুঁড়িয়ে ফেলে। পরে বাবলু মিয়া, মানিক মিয়া ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু সাঈদ গামার স্ত্রী রুলি বেগমসহ কয়েকজন ঘটনাস্থলে এসে আদালতের রায় অমান্য করে জমিটি নিজেদের দাবি করেন। এ সময় তারা পুনরায় নির্মাণকাজ করলে আবারও ভেঙে ফেলার এবং খুন-জখমের হুমকি দেন বলে অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে অজেকা বেগম জানান, বিষয়টি বগুড়া সদর থানাকে মৌখিকভাবে অবহিত করা হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
তিনি ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা