সর্বশেষ সংবাদ ::

অনিয়মের অভিযোগে বগুড়া চেম্বারের প্রধান নির্বাহী কর্মকর্তা মাসুদ রানাকে অব্যাহতি


বগুড়া সংবাদ : বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. মাসুদ রানাকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আসন্ন চেম্বার নির্বাচন পরিচালনায় পক্ষপাতমূলক কর্মকাণ্ডের অভিযোগের প্রেক্ষিতে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মোছা. আছিয়া খাতুন এ সিদ্ধান্ত নেন।

শনিবার প্রকাশিত নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যানের ৩ জুলাই স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়। পত্রে বলা হয়, নির্বাচন পরিচালনায় নিরপেক্ষতা বজায় রাখা এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার স্বার্থে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এর আগে বগুড়া চেম্বারের দ্বি-বার্ষিক নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন পরিচালনা কমিটির বিরুদ্ধে একটি নির্দিষ্ট প্যানেলকে বিজয়ী করতে নানা অনিয়ম ও পক্ষপাতমূলক আচরণের অভিযোগ ওঠে। এ বিষয়ে শুক্রবার জরুরি সংবাদ সম্মেলন করেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা।
সংবাদ সম্মেলনে সেলিম-এরশাদ প্যানেলের সভাপতি পদপ্রার্থী মো. সেলিম রেজা অভিযোগ করেন, চেম্বারের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে একটি প্যানেলকে বিশেষ সুবিধা দিয়েছেন। তিনি ৫ জুলাই অনুষ্ঠিতব্য বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনের স্বার্থে বর্তমান নির্বাচন পরিচালনা কমিটি বাতিল করে নতুন নির্বাচন পরিচালনা কমিটি গঠনের দাবি জানান।
এ ঘটনায় ব্যবসায়ী মহলে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার আশ্বাস দেওয়া হয়েছে।

Check Also

এমপি মোরশেদ মিল্টন ও পিএস এর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

বগুড়া সংবাদ : ‎‌(জাহাঙ্গীর আলম লাকি গাবতলী বগুড়া) প্রতিনিধি : বগুড়ার গাবতলী -শাহজাহানপুর আসনের এমপি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *