
বগুড়া সংবাদ : বগুড়ার সারিয়াকান্দি উপজেলার রামনগর এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দায়ের করা বাইবেল পোড়ানোর মামলায় সুষ্ঠু তদন্ত, প্রকৃত অপরাধীদের বিচার এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (২৮ জুন) দুপুরে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে জমি ও সম্পত্তি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষ যুবলীগ নেতা এ আর রহমান সুমন, রুমা ও লিন্ডা রায় তাদের হয়রানি করতে একের পর এক মামলা দিয়ে যাচ্ছেন। এর অংশ হিসেবেই সম্প্রতি সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে ধর্ম অবমাননা ও শ্লীলতাহানির মিথ্যা অভিযোগ এনে মামলা দায়ের করা হয়েছে।বক্তারা বলেন, জমি সংক্রান্ত বিরোধের সমাধান আদালতের মাধ্যমেই হওয়া উচিত। সেখানে কোনো ধরনের হামলা, সহিংসতা বা আইন নিজের হাতে তুলে নেওয়ার সুযোগ নেই। তারা উল্লেখ করেন, ধর্ম অবমাননার অভিযোগে যে ঘটনার তারিখ (২০২৪ সালের ৫ আগস্ট) উল্লেখ করা হয়েছে, ওই সময় মামলার অন্যতম আসামি নাহিদুজ্জামান সৌরভ বগুড়া শহরের সাতমাথায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অবস্থান করছিলেন। ফলে একই সময়ে সারিয়াকান্দিতে উপস্থিত থেকে তার পক্ষে এমন ঘটনা ঘটানো অসম্ভব। বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করলেই প্রকৃত সত্য উন্মোচিত হবে।মামলার অন্যতম ভুক্তভোগী ও ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি নাহিদুজ্জামান সৌরভ বলেন, জমিজমা নিয়ে বিরোধের জেরে পূর্ববর্তী সরকারের আমলে প্রতিপক্ষ যুবলীগ নেতা এ আর রহমান সুমন নিজের রাজনৈতিক প্রভাব খাটিয়ে তাকে কোনো মামলা না থাকা সত্ত্বেও পুলিশ দিয়ে গ্রেফতার করিয়েছিলেন। পরে সুমনের দ্বিতীয় স্ত্রী রুমা কে দিয়ে মিথ্যা মামলা দায়ের করে তাকে জেল হাজতে প্রেরণ করেন। পরে আদালতে সাক্ষ্য-প্রমাণ শেষে তিনি নির্দোষ প্রমাণিত হলে মামলাটি খারিজ হয়ে যায়। এরপর থেকেই সুমন তার বিরুদ্ধে একের পর এক নতুন নতুন মিথ্যা মামলা দিয়ে যাচ্ছেন।তিনি আরও অভিযোগ করেন, বগুড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এজলাসের সামনে সন্ত্রাসী বাহিনী নিয়ে সুমন তার ওপর হামলা চালান এবং তাকে পিটিয়ে হাত ভেঙে দেন। প্রাণ বাঁচাতে তিনি এজলাসের ভেতরে আশ্রয় নিয়েছিলেন। সেই হামলার ঘটনায় মামলা হলেও পুলিশ কোনো দৃশ্যমান পদক্ষেপ নেয়নি। এরপর ৫ আগষ্ট ২৪ একই দিনে তার বিরুদ্ধে আরও তিনটি মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে, যার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। তিনি আরো বলেন এই সুমন তার প্রথম স্ত্রী লিন্ডা রায় খ্রিস্টান তাকে দিয়ে পবিত্র বাইবেল পোড়ানোর মামলা দায়ের করিয়েছেন । আমি যদি বাইবেল পুড়িয়ে থাকি তাহলে সারিয়াকান্দি মানুষ জানলো না কেন তারপর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ থেকে কেউ সরজমিনে এসে পরিদর্শন করলো না কেন আর মামলার বাদী এই এলাকায় বসবাসকারী নন । তিনি এই অন্যায়ের বিরুদ্ধে রাষ্ট্রের কাছে ন্যায়বিচার দাবি করেন।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা