

বগুড়া সংবাদ :”মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ায় তরুণ প্রজন্মের মেধা ও উদ্ভাবনী শক্তির বিকাশে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এডুকেশন এক্সিলেন্স সাপোর্ট স্কিম (ইইএসএস)-এর আয়োজনে রবিবার (১৪ জুন) সকাল ১০টায় বগুড়া জিলা স্কুল অডিটোরিয়াম চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
জেলা শিক্ষা কর্মকর্তা মো. রমজান আলী আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান। তিনি বলেন, “আজকের তরুণরাই আগামী দিনের বাংলাদেশ গড়বে। তাদের ছোট ছোট উদ্ভাবন ও সৃজনশীল চিন্তাই ভবিষ্যতের উন্নত ও স্মার্ট বাংলাদেশের ভিত্তি। প্রতিটি উদ্ভাবন ও উদ্যোক্তাকে যথাযথ মূল্যায়নের মাধ্যমে দেশকে বিশ্বদরবারে আরও এগিয়ে নিতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সালমা আক্তার, সরকারি আজিজুল হক কলেজের সহযোগী অধ্যাপক ড. সাইফুল ইসলাম এবং সরকারি শাহ সুলতান কলেজের সহযোগী অধ্যাপক মো. মাকসুদুল আলম। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রদর্শনীতে জেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। জিলা স্কুল অডিটোরিয়াম চত্বরে স্থাপিত বিভিন্ন স্টলে শিক্ষার্থীরা নিজেদের তৈরি বিজ্ঞানভিত্তিক প্রকল্প, পরিবেশবান্ধব প্রযুক্তি ও স্মার্ট উদ্ভাবনী ধারণার মডেল উপস্থাপন করেন।
পরে প্রধান অতিথি বিভিন্ন স্টল পরিদর্শন করে শিক্ষার্থীদের উদ্ভাবনী কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং তাদের উৎসাহ প্রদান করেন।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, উদ্ভাবনী চিন্তা ও উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তোলার লক্ষ্যে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি প্রযুক্তিনির্ভর নতুন উদ্ভাবনের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ ও অংশগ্রহণ আরও বৃদ্ধি পাবে।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা