

বগুড়া সংবাদ : কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণের বাড়তি ভাড়া আদায় বন্ধ এবং প্রতি কেজিতে সর্বোচ্চ ৫ টাকা ভাড়া নির্ধারণের দাবিতে সংবাদ সম্মেলন করেছে আলুর ভ্যালু চেইন প্রমোশনাল বডি। এই দাবি মানা না হলে আগামী ২১ জুন দেশের সকল জেলায় মানববন্ধন কর্মসূচী পালনের ঘোষণা দিয়েছে সংগঠনটি। রবিবার (১৪ জুন) বেলা সাড়ে ১২টায় বগুড়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়।
এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ ছামিউল ইসলাম। লিখিত বক্তব্যে তিনি বলেন, দেশের প্রায় ৪২টি জেলায় আলু উৎপাদিত হয়। চলতি বছরে আলুর বাম্পার ফলন হলেও কৃষকেরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। এর ওপর কোল্ড স্টোরেজ মালিকেরা কোনো নিয়ম-নীতি ছাড়াই প্রতি বছর ভাড়া বৃদ্ধি করছেন। যা অত্যন্ত দুঃখজনক।
তিনি আরও বলেন, কৃষি বিপণন অধিদপ্তর কর্তৃক ২০২৩ সালের প্রজ্ঞাপন অনুযায়ী কেজি প্রতি ভাড়া ৬ টাকা ৭৫ পয়সা নির্ধারণ করা হয়েছিল। যা ৫০ কেজির বস্তা প্রতি দাঁড়ায় প্রায় ৩৩৮ টাকা ৭৫ পয়সা। কিন্তু হিমাগার মালিকেরা সাধারণ কৃষক ও ব্যবসায়ীদের কাছ থেকে ৬০-৬৫ কেজির বস্তা প্রতি ৪০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত বাড়তি ভাড়া আদায় করছেন। এর ফলে আলু চাষী ও ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতির মুখে পড়ছেন। একই সাথে সাধারণ ভোক্তাদেরও অধিক দামে আলু কিনতে হচ্ছে।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, আলু উৎপাদন, পরিবহন, শ্রমিকের খরচ ও বস্তার দাম মিলিয়ে কেজি প্রতি খরচ পড়ে ১৩ টাকা। এর ওপর কোল্ড স্টোরেজের বাড়তি ভাড়া যোগ হলে আলুর দাম কৃষকের নাগালের বাইরে চলে যায়।
এসময় সারাদেশে হিমাগারে আলু সংরক্ষণের ভাড়া কেজি প্রতি ৫ টাকা নির্ধারণ করে দ্রুত প্রজ্ঞাপন জারির জন্য সরকারের কাছে জোর দাবি জানানো হয়। আগামী ৭ দিনের মধ্যে এই দাবি মেনে নেওয়া না হলে ২১ জুন দেশের সকল জেলায় মানববন্ধনসহ উপজেলা পর্যায়ে কঠোর কর্মসূচি পালন করা হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি এ কে এম রেজাউল ইসলাম, দপ্তর সম্পাদক সুরজ কুমার বর্মণ, কোষাধ্যক্ষ রুহুল আমীন, সদস্য আব্দুর রশিদসহ বিভিন্ন জেলা শাখার সভাপতি ও প্রতিনিধিরা।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা