সর্বশেষ সংবাদ ::

বগুড়া সিটি করপোরেশনের প্রথম প্রশাসক এম আর ইসলাম স্বাধীন

বগুড়া সংবাদ:  উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিত বগুড়া এখন আনুষ্ঠানিকভাবে সিটি করপোরেশন হিসেবে যাত্রা শুরু করেছে। নবগঠিত বগুড়া সিটি করপোরেশন-এর প্রথম পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন এম আর ইসলাম স্বাধীন।
সোমবার (১৮ মে) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। পরে মঙ্গলবার (১৯ মে) সকালে মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে প্রশাসক পদে যোগদান করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মীর শাহে আলম।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, স্থানীয় সরকার অধ্যাদেশ অনুযায়ী মালতীনগর এলাকার বাসিন্দা এম আর ইসলাম স্বাধীনকে বগুড়া সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন এবং মেয়রের ক্ষমতা প্রয়োগ করতে পারবেন।
এর আগে গত ১৪ মে স্থানীয় সরকার বিভাগের সচিব মোঃ শহীদুল হাসান স্বাক্ষরিত সরকারি গেজেটে বগুড়াকে সিটি করপোরেশন ঘোষণা করা হয়। বর্তমান পৌরসভাসহ সদর ও শাজাহানপুর উপজেলার বিভিন্ন এলাকা নিয়ে মোট ২১টি ওয়ার্ড গঠন করা হয়েছে। এর মধ্যে রয়েছে ফুলবাড়ী, নিশিন্দারা, কাটনারপাড়া, সুত্রাপুর, মালগ্রাম, ঠনঠনিয়া, মালতীনগর, ফুলদিঘী ও বেতগাড়ী এলাকা।
দায়িত্ব গ্রহণের পর এম আর ইসলাম স্বাধীন বলেন, তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান, স্থানীয় সরকার মন্ত্রী ও প্রতিমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি বলেন, “সব মানুষকে সঙ্গে নিয়ে বগুড়া সিটি করপোরেশনকে নতুনভাবে সাজাতে চাই।”
নতুন সিটি করপোরেশন ঘোষণার পর বগুড়াবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। তবে পরিকল্পিত নগর উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ এবং নাগরিক সুবিধা নিশ্চিত করাই হবে নবনিযুক্ত প্রশাসকের প্রধান চ্যালেঞ্জ বলে মনে করছেন স্থানীয়রা।

Check Also

জাতীয় মৎস্য পদক পাওয়ায় বগুড়া-৩ আসনের এমপি আব্দুল মহিত তালুকদার কে অভিনন্দন ও শুভেচ্ছা

বগুড়া সংবাদ : জাতীয় মৎস্য পদক-২০২৬ এর পাঙ্গাস, তেলাপিয়া ও কৈ মাছ উৎপাদন জি এম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *