
বগুড়া সংবাদ: বগুড়ার দুপচাঁচিয়া পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাশারকে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ১৭ মে রোববার উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শাহরুখ খান স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে তাকে এ বরখাস্তের সিদ্ধান্ত জানানো হয়।
জানা যায়, বর্তমানে প্রধান শিক্ষক আবুল বাশার ফৌজদারি মামলায় কারাগারে রয়েছেন।
তার বিরুদ্ধে উত্থাপিত বিভিন্ন অনিয়ম তদন্তের জন্য উপজেলা কৃষি কর্মকর্তাকে আহ্বায়ক করে ৭ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। গঠিত তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদনে একাধিক অনিয়মের তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খান বিদ্যালয়ের সভাপতি থাকা অবস্থায় তাঁর স্বাক্ষর ছাড়াই প্রাক্তন সভাপতি মো. মাজাফফর হাসান টিটুর স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে অগ্রণী ব্যাংক পিএলসি, দুপচাঁচিয়া শাখা থেকে প্রতিষ্ঠানের হিসাব হতে ১ লাখ টাকা উত্তোলন করা হয়। এছাড়া রূপালী ব্যাংক ও অগ্রণী ব্যাংক দুপচাঁচিয়া শাখায় প্রতিষ্ঠানের হিসাব সংক্রান্ত কোনো লেনদেনও যথাযথভাবে সম্পাদন করা হয়নি।
এছাড়া চলতি এসএসসি পরীক্ষা পরিচালনায় অনিয়মের দায়ে কেন্দ্র সচিবকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া সত্ত্বেও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে কেন্দ্র ফি বাবদ ৩ লাখ ৭১ হাজার ৯৭৮ টাকা কেন্দ্র তহবিলে জমা না দিয়ে তা বর্তমান কেন্দ্র সচিবের নিকট জমা না দেওয়ার অভিযোগ রয়েছে।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা