

বগুড়া সংবাদ : বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন গণযোগাযোগ অধিদপ্তরের গৃহীত বিভিন্ন জনপ্রেসকল্যাণমূলক কর্মসূচি সম্পর্কে গণমাধ্যমকর্মীদের অবহিত করতে বগুড়ায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বুধবার (১৩ মে) সকাল ১১টায় বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে জেলা তথ্য অফিসের আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মুহা. মাহফুজার রহমান, সহকারী পরিচালক সোহেল মিয়া, প্রজেকশনিস্ট মো. ফিরুজুল হক ডাবলু এবং ঘোষক মো. হানজালা।
সাংবাদিক সমাজের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু এবং সাংবাদিক ইউনিয়নের সভাপতি গোনেশ দাস। এছাড়াও জেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার বিপুল সংখ্যক সাংবাদিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
ব্রিফিংয়ে বক্তারা সরকারের নির্বাচনী ইশতেহারে উল্লেখিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ, তথ্যপ্রযুক্তির প্রসার এবং তৃণমূল পর্যায়ে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড পৌঁছে দিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন।
এসময় সরকারি কর্মসূচিগুলো সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সাংবাদিকদের সক্রিয় সহযোগিতা কামনা করা হয়। সাংবাদিক নেতৃবৃন্দ সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে জনস্বার্থে সঠিক তথ্য প্রচারে নিরলসভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা