বগুড়া সংবাদ : বগুড়ায় মৎস্য খাতে উৎপাদন বৃদ্ধি এবং খামারিদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষ বিষয়ক মৎস্যচাষীদের নিয়ে প্রশিক্ষণ ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) বগুড়ার ব্র্যাক কার্যালয়ের অডিটোরিয়ামে ব্র্যাক ফিশারিজ এ প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করে। এতে বগুড়ার বিভিন্ন উপজেলা থেকে ১৫০ জন মৎস্য খামারি ও মৎস্যচাষী অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে পুকুর প্রস্তুতি, পানির গুণগত মান নিয়ন্ত্রণ, উন্নত মানের পোনা নির্বাচন ও মজুদ, সুষম খাদ্য ব্যবস্থাপনা, মাছের রোগ প্রতিরোধ ও চিকিৎসা বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি আধুনিক প্রযুক্তির প্রোবায়োটিক ব্যবহার, এয়ারেটরের প্রয়োগ এবং তথ্যপ্রযুক্তিনির্ভর পানি ব্যবস্থাপনা নিয়েও খামারিদের ধারণা দেওয়া হয়।
ব্র্যাক এর এজিএম একেএম রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা মৎস্য কর্মকর্তা মাসুদুল হাছান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বগুড়া সিনিয়র সহকারী পরিচালক (মৎস্য) শারমিন আকতার, বগুড়া সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা গোলাম মোর্শেদ, ব্র্যাক রিজিওনাল সেলস ম্যানেজার মমিনুর রহমান, সেলস অফিসার রাশেদুল ইসলাম, আব্দুল কাদের, উৎপাদন কর্মকর্তা আতিক আশহাব, আরিফুর রহমান, হ্যাচারী ম্যানেজার সাদেকুল ইসলামসহ মৎস্য চাষী ও মৎস্যখামারীরা।
কর্মশালায় বক্তারা বলেন, আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি এবং খামারের লাভজনকতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা সম্ভব। সঠিক পুকুর প্রস্তুতি, পানির গুনগত মান বজায় রাখা, উন্নত মানের পোনা ব্যবহার এবং সুষম খাদ্য প্রয়োগের মাধ্যমে খরচ কমিয়ে অধিক লাভ অর্জন করা যায়। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী মৎস্যচাষীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা